23 July 2026
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 11:18 AM, 23 July 2026.
Digital Solutions Ltd

পদত্যাগ ও শেখ হাসিনা কানেকশন প্রশ্নে রাষ্ট্রপতি-‘প্রশ্নটা বিব্রতকর’

পদত্যাগ ও শেখ হাসিনা কানেকশন প্রশ্নে রাষ্ট্রপতি-‘প্রশ্নটা বিব্রতকর’

Publish : 11:18 AM, 23 July 2026.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

দুই দিন আগেই শুক্রবার দেশে ফিরছেন স্পিকার, রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা আরও ডালপালা মেলছে

পদত্যাগ সংক্রান্ত বিষয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে তার একটি ব্যক্তিগত নম্বরে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করে প্রায় দুই মিনিট কথা বলেন। ফোনালাপে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার পদত্যাগ ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের বিষয়ে মুখ খোলেন।

এদিকে নির্ধারিত তারিখের দুই দিন আগেই দেশে ফিরছেন স্পিকার। ফলে রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা আরও ডালপালা মেলছে।

পদত্যাগ করছেন কি না, জানতে চাইলে রাষ্ট্রপতি বলেন, ‘দেখতে পাবেন...প্রশ্নটা বিব্রতকর।’সংবিধানের ৫০ (৩) অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারের কাছে পদত্যাগপত্র দিতে পারেন রাষ্ট্রপতি। বর্তমানে স্পিকার দেশের বাইরে অবস্থান করছেন। বিষয়টি জানালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, 'আমার জানা নেই স্পিকার দেশে আছেন কিনা। এটা আমার জানার কথা না।'

লন্ডনে চিকিৎসা নিতে গিয়ে তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করেছেন কি না, জানতে চাইলে রাষ্ট্রপতি বলেন, 'এটা পুরোপুরি ভিত্তিহীন। কারও যদি মাথা খারাপ হয়, সে এ ধরনের কথা বলতে পারে।''আমি তখন মৃতপ্রায়, চিকিৎসাধীন ছিলাম। এটা একেবারে ভিত্তিহীন ও বানানো কথা, এটাই বলতে পারি,' বলেন তিনি।

এরপর ধন্যবাদ দিয়ে কথা শেষ করেন রাষ্ট্রপতি।

এর আগে, আজ সকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগির পদত্যাগ করতে পারেন বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রের মাধ্যমে জানা যায়। সূত্রের দাবি, চলতি বছরের মে মাসে চিকিৎসার জন্য লন্ডন সফরে থাকা অবস্থায় রাষ্ট্রপতি টেলিফোনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন। 

সূত্রগুলো জানায়, রাষ্ট্রপতি ৯ মে লন্ডনে যান এবং ১৮ মে দেশে ফেরেন। পরে গোয়েন্দা সংস্থাগুলো ওই ফোনালাপের বিষয়টি জানতে পারে। এরপরই তাকে পদত্যাগের বার্তা দেওয়া হয় বলে সূত্রগুলোর দাবি। তবে বিএনপির এক জ্যেষ্ঠ নেতা বলেছেন, সম্ভাব্য পদত্যাগের পেছনে শুধু ওই ফোনালাপই কারণ নয়, বিষয়টা ‘আরও জটিল’।

এ বিষয়ে আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে জানতে চাইলে তিনি বলেন, 'রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে পদত্যাগ করতে চাইলে বা স্বাস্থ্যগত কারণে যেকোনো কারণে চাইলে তার সেই অপশন আছে।'

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'তিনি (রাষ্ট্রপতি) চিকিৎসার জন্য কিছুদিন আগে বিদেশে গিয়েছিলেন। সেখানে গিয়ে শেখ হাসিনার সঙ্গে কোনো আলাপ করেছেন কি না, আমি জানি না।'

'রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে হোক যে কারণে হোক, পদত্যাগ করতে চাইলে করতে পারেন। কিন্তু সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি। পদত্যাগ করতে চাইলে সাংবিধানিকভাবে স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়। এইটুকু নিয়ম আছে জানি,' বলেন সালাহউদ্দিন আহমদ।

২০২৩ সালের এপ্রিলে দায়িত্ব নেন সাহাবুদ্দিন। তিনিই একমাত্র ব্যক্তি, যিনি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের আগের শীর্ষ কোনো সাংবিধানিক পদে এখনও বহাল আছেন।

একাধিক সূত্রের দাবি, চলতি বছরের মে মাসে চিকিৎসার জন্য লন্ডন সফরে থাকা অবস্থায় রাষ্ট্রপতি টেলিফোনে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন। ২০২৪ সালের আগস্ট থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। সূত্রগুলো জানায়, রাষ্ট্রপতি ৯ মে লন্ডনে যান এবং ১৮ মে দেশে ফেরেন। পরে গোয়েন্দা সংস্থাগুলো ওই ফোনালাপের বিষয়টি জানতে পারে। এরপরই তাকে পদত্যাগের বার্তা দেওয়া হয় বলে সূত্রগুলোর দাবি।

তবে বিএনপির এক জ্যেষ্ঠ নেতা বলেছেন, সম্ভাব্য পদত্যাগের পেছনে শুধু ওই ফোনালাপই কারণ নয়, বিষয়টা ‘আরও জটিল’। তার ভাষ্য, শেখ হাসিনা সম্প্রতি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানানোর পর রাজনৈতিক পরিস্থিতি আরও স্পর্শকাতর হয়ে উঠেছে।

গত ১০ জুলাই রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা আগামী ডিসেম্বরের মধ্যে ভারত থেকে বাংলাদেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। একই সময়ে দেশের ভেতরে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর দল পুনর্গঠনের নানা উদ্যোগও পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ।

বিএনপির ওই নেতা বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ সরকারের পক্ষ থেকে একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা হিসেবে দেখা যেতে পারে। এর মাধ্যমে সরকার বোঝাতে চাইবে যে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে—এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে সরকার।

গত ১৭ জুলাই মন্ত্রিসভার এক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে চলমান অভিযান জোরদারের নির্দেশ দেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে রাষ্ট্রপতি ঠিক কবে পদত্যাগ করতে পারেন বা তার স্থলাভিষিক্ত কে হবেন, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।

২০২৫ সালের ১২ ডিসেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তিনি বলেছিলেন, ফেব্রুয়ারির নির্বাচনের পর মেয়াদের মাঝামাঝি সময়ে তিনি পদত্যাগ করতে চান। সে সময় তিনি আরও বলেন, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আচরণে তিনি অপমানিত বোধ করেছেন।

এরপর বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে সাহাবুদ্দিন বলেন, সরকার চাইলে তিনি দায়িত্বে থাকবেন, অন্যথায় স্বেচ্ছায় পদত্যাগ করবেন।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র জানিয়েছে, সাহাবুদ্দিনের পদ ছাড়াটা 'স্বাভাবিক প্রক্রিয়া'। ওই সূত্রের ভাষ্য, 'তিনি আজ বা কাল থাকবেন না, এটাই স্বাভাবিক।'

সূত্রটি আরও দাবি করে, রাষ্ট্রপতি আগের রাজনৈতিক যোগাযোগ পুনঃস্থাপনের চেষ্টা করছেন, এমন তথ্য সরকারকে অসন্তুষ্ট করেছে। গণঅভ্যুত্থান-পূর্ববর্তী সময়ের কোনো ব্যক্তিকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে রাখাকে সরকার আর সমীচীন মনে করছে না বলেও সূত্রটির দাবি।

বঙ্গভবন-সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, 'এক-দুই দিনের মধ্যেই এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আসতে পারে বলে শুনছি।' তবে একই সূত্র জানায়, আগামী ২৯ জুলাই চারটি দেশের অনাবাসিক রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণ উপলক্ষে রাষ্ট্রপতির একটি পূর্বনির্ধারিত কর্মসূচি রয়েছে।

দুই দিন আগেই দেশে ফিরছেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নির্ধারিত সময়ের দুই দিন আগেই আগামীকাল শুক্রবার দুপুরে থাইল্যান্ড থেকে দেশে ফিরছেন। সংসদ সচিবালয় সূত্র জানায়, আগামী রোববার তাঁর ফেরার কথা ছিল, তবে সে সময়সূচি এগিয়ে আনা হয়েছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগির পদত্যাগ করতে যাচ্ছেন, এমন খবর প্রকাশের পর বিদেশ থেকে স্পিকারের দেশে ফেরার সময় এগিয়ে আনায় রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা আরও জোরদার হয়েছে। সংবিধান অনুযায়ী, স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকারই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

সংসদ সচিবালয় সূত্র জানায়, চিকিৎসার জন্য ১৯ জুলাই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সফরসূচি অনুযায়ী, ২৬ জুলাই তাঁর দেশে ফেরার কথা ছিল। আজ বৃহস্পতিবার সে সময় এগিয়ে আনা হয়। সন্ধ্যায় বিএনপির পক্ষ থেকে দলটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আগামীকালের যেসব কর্মসূচি জানানো হয়েছে, সেখানে বলা হয়েছে, থাইল্যান্ড থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে আগামীকাল দুপুর ১২টা ৪০ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের ঢাকায় ফেরার কথা রয়েছে। সংবিধানে বলা আছে, ‘রাষ্ট্রপতির পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অসমর্থ হইলে ক্ষেত্রমত রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত কিংবা রাষ্ট্রপতি পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করিবেন।’

পদত্যাগের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করার বিধান আছে সংবিধানে। রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে আলোচনার মধ্যে বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে এ বিষয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘শুক্রবার পর্যন্ত অপেক্ষা করেন।’

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচের, আলোচনার প্রস্তাব নাকচ শিরোনাম তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি শিরোনাম যুক্তরাজ্যের সমুদ্র সৈকতে ‘মর্মান্তিক ঘটনায়’ দুই বৃটিশ সিলেটের মৃত্যু শিরোনাম পদত্যাগ ও শেখ হাসিনা কানেকশন প্রশ্নে রাষ্ট্রপতি-‘প্রশ্নটা বিব্রতকর’ শিরোনাম মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল, বিক্ষোভ অত্যন্ত উদ্বেগজনক শিরোনাম যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও পাক পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ড. খলিলের বৈঠক