শেষ দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। বর্তমান চ্যাম্পিয়নদের আগে শেষ চারে জায়গা করে নিয়েছে ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ড। ফলে বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে মাত্র তৃতীয়বারের মতো সেমিতে উঠেছে অতীতে শিরোপা জেতা চার দল।
রবিবার কানসাসে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে আরও একবার কঠিন পরীক্ষার মুখে পড়তে হয় আর্জেন্টিনাকে। অতিরিক্ত সময়ে গড়ানো হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত ১০ জনের সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারায় তারা। এর আগে নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল ১-১ সমতায়।
প্রথমার্ধে আলেক্সিস মাক আলিস্তারের লক্ষ্যভেদে আলবিসেলেস্তেরা এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে সুইসদের সমতায় ফেরান ড্যান এনডোয়ে। কিছুক্ষণ বাদে ব্রিল এম্বোলো ডাইভ দেওয়ায় দ্বিতীয় হলুদ কার্ডসহ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তবে একজন কম নিয়েও আর্জেন্টিনার ঘাম ঝরিয়ে ছাড়ে সুইজারল্যান্ড। ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে ১১২তম মিনিটে হুলিয়ান আলভারেজ দর্শনীয় গোলে ভেঙে দেন অচলাবস্থা। আর শেষ বাঁশি বাজার কিছুক্ষণ আগে বর্তমান চ্যাম্পিয়নদের জয়ের ব্যবধান বাড়ান লাউতারো মার্তিনেজ।
সুইজারল্যান্ডকে টপকে যাওয়ার আগের দুই ম্যাচেও জয়ের জন্য শেষদিকের গোলের ওপর নির্ভর করতে হয়েছে আর্জেন্টিনাকে। অতিরিক্ত সময়ে গড়ানো শেষ বত্রিশের ম্যাচে নবাগত কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়েছিল তারা। এরপর শেষ ষোলোতে মিশরের বিপক্ষে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকা লিওনেল স্কালোনির দল অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে নির্ধারিত সময়েই তুলে নেয় ৩-২ ব্যবধানের স্মরণীয় জয়।
তিনবারের বিশ্বজয়ী আর্জেন্টিনার আগে সেমিফাইনালে পা রেখেছে দুইবারের চ্যাম্পিয়ন ফ্রান্স, ২০১০ সালের শিরোপাজয়ী স্পেন ও ১৯৬৬ আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। মরক্কোকে সহজেই ২-০ গোলে পরাস্ত করে কিলিয়ান এমবাপের ফ্রান্স। শেষদিকের গোলে পর্তুগালের বিপক্ষে ১-০ গোল জেতে স্পেন। আর অতিরিক্ত সময়ে গড়ানো লড়াইয়ে চমক জাগানো নরওয়েকে ২-১ গোলে হারায় ইংল্যান্ড।
এর আগে মাত্র দুবার অতীতে শিরোপা জয়ের অভিজ্ঞতা থাকা চারটি দল বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল। ১৯৭০ ও ১৯৯০ সালের আসরেও ছিল একই চিত্র। অর্থাৎ ৩৬ বছরের ব্যবধানে পুনরাবৃত্তি ঘটল এই বিরল ঘটনার।
১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল ব্রাজিল, ইতালি, পশ্চিম জার্মানি ও উরুগুয়ে। ফাইনালে ইতালিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। উরুগুয়ের বিপক্ষে জিতে তৃতীয় স্থান পেয়েছিল পশ্চিম জার্মানি। ২০ বছর পর ইতালি বিশ্বকাপের শেষ চারে উঠেছিল পশ্চিম জার্মানি, আর্জেন্টিনা, স্বাগতিক ইতালি ও ইংল্যান্ড। ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছিল পশ্চিম জার্মানি। ইংল্যান্ডের বিপক্ষে জিতে তৃতীয় হয়েছিল ইতালি।
শুধু তাই নয়, ১৯৯২ সালে ফিফা র্যাঙ্কিং চালু হওয়ার পর এবারই প্রথম র্যাঙ্কিংয়ের সেরা চার দল বিশ্বকাপের সেমিফাইনালে খেলছে। গত ১১ জুন প্রকাশিত সবশেষ র্যাঙ্কিং অনুসারে, আর্জেন্টিনা একে, স্পেন দুইয়ে, ফ্রান্স তিনে ও ইংল্যান্ড চারে আছে।
সেমিফাইনালে আগামী মঙ্গলবার রাতে ডালাসে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। পরদিন আটলান্টায় আর্জেন্টিনা মোকাবিলা করবে ইংল্যান্ডকে। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী রোববার রাতে নিউইয়র্ক নিউজার্সি স্টেডিয়ামে।
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats