চলমান বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলা জাতীয় দলের ফুটবলার জ্যায়ডেন অ্যাডামস মারা গেছেন। আজ শনিবার সেন্ট্রাল কেপটাউনের একটি বাসা থেকে ২৫ বছর বয়সী এই ফুটবলারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে কেপটাউন পুলিশ।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গ্যায়টন ম্যাকেঞ্জি এক বিবৃতিতে অ্যাডামসের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, ‘আমি গভীর শোকের সাথে জানাতে বাধ্য হচ্ছি, বাফানা বাফানাদের হয়ে চলতি বিশ্বকাপ খেলা ২৫ বছর বয়সী ফুটবলার জ্যায়ডেন অ্যাডামসের মৃত্যুর খবর জানতে পেরেছি আমরা। দক্ষিণ আফ্রিকার ফুটবল তার অন্যতম প্রতিভাবান তরুণ ফুটবলারকে হারালো। তার পরিবার, সতীর্থ ও লাখো সমর্থক যারা তাকে অ্যাকাডেমি থেকে জাতীয় দলে উঠে আসতে দেখেছে, তাদের পাশাপাশি পুরো জাতি এই ঘটনায় শোকাচ্ছন্ন’।
ক্রীড়ামন্ত্রী তার বিবৃতিতে অ্যাডামসের মৃত্যুর কোনো কারণ উল্লেখ করেননি। ওয়েস্টার্ন কেপ পুলিশের মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, তারা ইতোমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছেন।
দক্ষিণ আফ্রিকার ফুটবলারদের ইউনিয়ন এক বিবৃতিতে শোক প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে, ‘মামেলোদি সানডাউন্স ও বাফানা বাফানার মিডফিল্ডার জ্যায়ডেন অ্যাডামসের এই অকাল মৃত্যুতে আমরা বিধ্বস্ত। সে সদ্যই ২০২৬ ফিফা বিশ্বকাপে সাহস, গর্ব ও শৃঙ্খলার সাথে পুরো জাতির আশা নিজের কাঁধে বহন করেছে। তার এই অকাল মৃত্যু তার পরিবার, সতীর্থ, ক্লাব, পুরো ফুটবল বিশ্ব ও দেশের জন্য অপূরণীয় ক্ষতি’।
চলমান বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন অ্যাডামস। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে বাফানা বাফানাদের শুরুর একাদশে ছিলেন মামেলোদি সানডাউন্সের হয়ে ক্লাব ফুটবল খেলা এই ফুটবলার। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন। কিন্তু নকআউটের ম্যাচে মাঠে নামা হয়নি তার।
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats