Monday, 22 June 2026
The News Diplomats
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 09:16 AM, 22 June 2026.
Digital Solutions Ltd

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নাশকতার শঙ্কায় সেনা মোতায়েন

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নাশকতার শঙ্কায় সেনা মোতায়েন

Publish : 09:16 AM, 22 June 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে সেনা মোতায়েনের জন্য চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা–২ থেকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারকে চিঠিটি দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ বিভিন্ন সংগঠন দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচি করছে। এর মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এতে দেশের বিভিন্ন জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

চিঠিতে ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় শান্তিশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জানমালের সুরক্ষায় ৯ দিনের জন্য প্রয়োজনীয়সংখ্যক সেনা মোতায়েনের জন্য অনুরোধ করা হয়। ২২ থেকে ৩০ জুন ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ হিসেবে সেনাসদস্যরা কাজ করবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

২৩ জুন মঙ্গলবার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। স্বরাষ্ট্রমন্ত্রণালয় সূত্র বলছে, দিনটি সামনে রেখে দলটি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচি পালন করতে পারে, যা বেআইনি।

সাম্প্রতিক কালে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। গত রোববার গাজীপুরে যুবলীগের নেতা-কর্মীদের মিছিল থেকে পুলিশকে উদ্দেশ করে বলতে শোনা যায়, ‘ওই, একটাও সামনে আসবি না। একটাও সামনে আসবি না। মাইরা ফালামু, মাইরা ফালামু। একটাও সামনে আসবি না।’

জুলাই গণ–অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। ২০২৫ সালের ১০ মে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়।

২০২৫ সালের ১১ মে অন্তর্বর্তী সরকার সন্ত্রাসবিরোধী আইন সংশোধন করে কোনো কোনো সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করে। এর ভিত্তিতেই আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়।

বিএনপি সরকারের আমলে গত ৮ এপ্রিল জাতীয় সংসদে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত কোনো সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ অনুমোদন পায়। ফলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, আওয়ামী লীগের তৎপরতা ঠেকাতে সরকার সতর্ক। এ কারণেই সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে।

যেসব মহানগর ও জেলায় সেনা মোতায়েন হবে, তেমন একটি জেলার একজন জেলা প্রশাসক প্রথম আলোকে নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, তিনি চিঠি পেয়েছেন।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ও নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচি কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নগরের নিরাপত্তা বজায় রাখতে পুরো ঢাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিশেষ এই দিন উপলক্ষে রাজধানীজুড়ে ২০০টির বেশি কৌশলগত স্থানে পুলিশের বিশেষ তল্লাশিচৌকি বসানো হবে। একই সঙ্গে ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে মহানগরের সব কটি প্রবেশপথে কড়া চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার থাকবে, যাতে কোনো বহিরাগত বা সন্দেহভাজন ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।

নিয়মিত পুলিশের পাশাপাশি মাঠে সক্রিয় থাকবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষায়িত ইউনিট। নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির ১৮ হাজারের বেশি অফিসার ও ফোর্স দায়িত্ব পালন করবে।

আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইউনিটগুলোকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছয় এলাকায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আমাদের সব সময় সতর্ক থাকতে হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু অপতৎপরতা আমরা লক্ষ করছি। বিভিন্ন জেলায় তাদের মিছিল-মিটিংয়ের মতো কার্যক্রম হাতে নেওয়ার তথ্য পাওয়া গেছে। দুই-একটি স্থানে এ ধরনের তৎপরতা দেখা গেছে। এতে আমাদের মনে হয়েছে, তারা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করতে পারে। সে বিবেচনায় সব বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আজ থেকে ৩০ জুন পর্যন্ত ‘এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগর, নারায়ণগঞ্জ ও গাজীপুর মহানগর এবং আরও দুটি জেলায় সেনাসদস্যরা দায়িত্ব পালন করবেন। যেকোনো ধরনের অপতৎপরতা মোকাবিলায় আইন অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মেসিকে আটকানোর চ্যালেঞ্জ ‘রোনালদো ভক্ত’ গোলকিপারের শিরোনাম বিচার-প্রশাসন কে কী করছে, লাল ও সবুজ খাতায় লিখে রাখছেন ইনু শিরোনাম ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফল হয়েছে: পাকিস্তানের প্রধানমন্ত্রী শিরোনাম প্রকাশ্যে খোলা হলো শাহজালালের মাজারের দানবাক্স, চলছে গণনা শিরোনাম মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান শিরোনাম বৃটিশরা কেন বারবার বদলাচ্ছে প্রধানমন্ত্রী, ১০ বছরে ৬ জনের পদত্যাগ