বেনজীর আহমেদকে ফেরানোর প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে, আমিরাতে কাগজ গেছে তিন দিনে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুলিশ সদর দপ্তরের সতর্কতা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সতর্ক (অ্যালার্ট) করা তো আমাদের কাজ। যেহেতু আমরা আশঙ্কা করছি যে ২৩ জুনকে কেন্দ্র করে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দল...আমরা তো পলিটিক্যালি বলি যে নো পলিটিক্যাল পার্টি, এটা একটা মাফিয়া পার্টি। তারা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করতে চাইবে, তো পুলিশ বাহিনী তার দায়িত্ব পালন করবে। সে জন্য অ্যালার্ট করা হয়েছে সারা দেশে।’
আজ শনিবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার জন্য এরই মধ্যে দুবাইতে প্রয়োজনীয় কাগজ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মন্ত্রী বলেন, ‘বেনজীর আহমেদকে গ্রেপ্তারের খবর দুবাই থেকে মেইলে জানানোর পর তার ৩০ দিনের মধ্যে তারা কাগজপত্র পাঠানোর জন্য বলেছিল। আমরা সেদিনই কাগজপত্র তৈরি করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিই। সেখান থেকেই ডিপ্লোম্যাটিক প্রক্রিয়ার মাধ্যমে দুবাইতে পাঠিয়ে দেওয়া হয়। আমরা ৩০ দিন নয়, তিন দিনের মধ্যেই প্রয়োজনীয় কাগজ পাঠিয়ে দিয়েছি।’
আজ আইনশৃঙ্খলা রক্ষায় কৃতিত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে কথা বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বেনজীর আহমেদ সম্পর্কে প্রায় ১৪৪ পৃষ্ঠার কিছু কাগজ সে দেশের ভাষায় ভাষান্তর করা হয় জানিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তবে দুবাই থেকে এর কোনো প্রতি উত্তর আসেনি। ছুটি গেছে, কাল আমরা খোঁজ নেব।’
বেনজীর আহমেদকে ফেরত পাঠানোর ব্যাপারে তাদেরও আইনি প্রক্রিয়া আছে, তাই সরকার ‘লেগে থাকবে’ বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, ‘ইউএন চার্টার অনুযায়ী কিছু কিছু বিষয়ে তাদের সাথে আমাদের স্বাক্ষর রয়েছে। বেশ কিছু বন্দী, “মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট'' (এমএলএআর) এর মাধ্যমে তাদের দেশে আমরা পাঠিয়েছি তারাও পাঠিয়েছে।’
আওয়ামী লীগ সরকারের আমলে দোর্দণ্ডপ্রতাপে আইজিপি ও র্যাব মহাপরিচালকের দায়িত্ব পালন করা বেনজীর আহমেদের দুবাইয়ে গ্রেপ্তার হওয়ার খবর সামনে আসে ১৪ জুন। ওই দিন সংসদে খবরটি জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
এদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন। পুলিশকে মাঠপযার্য়ে সতর্ক করার পেছনে কোনো হুমকি আছে কি না, জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘সতর্ক করা আমাদের কাজ। আমরা সন্দেহ করছি ২৩ জুনে টার্গেট করে একটি রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ দল তারা বাংলাদেশে উচ্ছৃঙ্খলা, অস্থিরতা করতে চাইবেই। পুলিশ বাহিনী তার দায়িত্ব পালন করবে। সে জন্য সতর্ক করা হয়েছে সারা দেশে।’কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশে পুলিশকে ‘প্রয়োজনীয় সতর্কতার’ পাশাপাশি ‘নিরাপত্তামূলক ব্যবস্থা’ নিতে নির্দেশনা দিয়েছে সদর দপ্তর।
২৩ জুন দলটির প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে এ বিষয়ে একটি ‘জরুরি বার্তা’ পাঠানো হয়েছে।
দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজি বরাবর পাঠানো ওই বার্তায় প্রতিষ্ঠাবার্ষিকীকে দলটির ‘সম্ভাব্য কর্মকাণ্ড মূল্যায়ন’ করার কথা বলা হয়েছে।
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats