নির্বাচনে হারের পর আজ সংবাদ সম্মেলন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শোচনীয় পরাজয়ের বিধানসভা নির্বাচন প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট। তিনি আরও অভিযোগ করেন, বিচারব্যবস্থা নেই। কেন্দ্রীয় সরকার এক দলের শাসন চায়। তাঁর প্রশ্ন—গণতন্ত্র কোথায় যাবে?
পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন ১০০ আসন লুট করেছে।
গত সোমবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এতে ২৯৩টি বিধানসভা আসনের মধ্যে ২০৭টি আসনে জয় পেয়েছে বিজেপি। তৃণমূল জিতেছে ৮০টি আসনে। ভোটের এই ফলাফলের পর আজ মঙ্গলবার বিকেলে কালীঘাট থেকে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মমতা বলেন, ‘এমনি জিতলে কোনো অভিযোগ থাকত না। হার-জিত থাকেই। কিন্তু তা হয়নি। আমরা হারিনি। ওরা লুট করেছে।’
গণনার শুরুর পর সংবাদমাধ্যমে বিজেপি দুই শতাধিক আসন পেয়েছে দেখানোর পর থেকেই বিভিন্ন জায়গায় হামলা শুরু হয় বলে অভিযোগ করেছেন মমতা। তিনি বলেন, ‘বিজেপির লোকজন গণনাকেন্দ্রের ভেতরে ঢুকে মারধর শুরু করে। ১৩ হাজার ভোটে আমি লিড করছিলাম। ৩২ হাজারের বেশি পাওয়ার কথা ছিল। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে ওরা গণনাকেন্দ্রে ঢুকেছে। সব ভেঙে দিয়েছে। এটা শুনেই আমি গেলাম। জগুবাজারের কাছে আমার গাড়ি আটকাল। বলল যেতে দেবে না। লিখিত অভিযোগ জানিয়েছি।’
উল্লেখ্য, তৃণমূলের প্রধান ও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নিজ আসন ভবানীপুরে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে হেরে গেছেন। ভোটের ব্যবধান ছিল ১৫ হাজারের বেশি।
মমতা বলেন, ‘বিজেপির বিরুদ্ধে আমাদের এই লড়াই ছিল না। নির্বাচন কমিশন এখানে একটা কালো ইতিহাস তৈরি করল। কমিশনই ভিলেন হয়েছে। মানুষের অধিকার লুট করেছে। ভোটের আগে সব জায়গায় রেড করে। সব অফিসারকে বদলে দেয়। বিজেপি আর কমিশনের মধ্যে বেটিং হয়েছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীও এর সঙ্গে সরাসরি যুক্ত।’
পদত্যাগ করব না
সংবাদ সম্মেলনে মমতা বলেন, এখনই তিনি পদত্যাগ করবেন না। তিনি বলেন, ‘কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি। জোর করে ভোট লুট করা হয়েছে। ইস্তফার প্রশ্ন আসছে কোথা থেকে?’ মমতা আরও বলেন, ‘এত দিন আমি চেয়ারে ছিলাম। অনেক কিছু সহ্য করেছি। কিন্তু এখন আমি মুক্ত বিহঙ্গ। সাধারণ মানুষ। আর সহ্য করব না। সব অত্যাচারের বিরুদ্ধে লড়াই করব। আমি রাস্তার লোক। রাস্তায় ছিলাম, রাস্তায় থাকব।’
‘বিরোধী শক্তি বৃদ্ধি করব’
বিরোধী জোট ‘ইন্ডিয়া’র শক্তি বৃদ্ধি করার কথাও বলেছেন মমতা। বিজেপিবিরোধী ‘ইন্ডিয়া’ জোটের সব নেতা ফোন করে পাশে থাকার বার্তা দিয়েছেন বলে জানান মমতা। তিনি বলেন, ‘জোট আগামী দিনে আরও শক্তিশালী হবে। অখিলেশ আজ আসতে চেয়েছিল। আমি কাল আসতে বলেছি। একে একে সবাই আসবেন। জোট শক্তিশালী করব।’
মমতা ও অভিষেকের সঙ্গে সংবাদ সম্মেলনে ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা।রাজনাথ সিং আসছেন পশ্চিমবঙ্গে
পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী কে হবেন তা সম্ভবত আজ ঠিক হবে। ইতিমধ্যেই সরকার গঠনের তোড়জোড় শুরু করেছে বিজেপি। বিজেপি সূত্রে জানা গেছে, পরিষদীয় দলের বৈঠক হবে আজ। সেই বৈঠক তদারকি করতে মঙ্গলবার রাজনাথ সিং কলকাতায় আসছেন। তিনি এই বৈঠকে উপস্থিত থাকবেন। বৈঠকে নেতা নির্বাচনের পর সরকার গঠনের জন্য লোকভবনে (রাজভবন) যাবেন তারা। তার আগে আলোচনা চলছে সর্বত্র- কে হবেন মুখ্যমন্ত্রী।
বিজেপির এই বিরাট জয়ে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে অবশ্য সবচেয়ে এগিয়ে শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে বিজেপির এই বড় জয়ের অন্যতম কারিগর তিনি। রাজ্যে আজ যে ধর্মীয় মেরুকরণ, প্রতিষ্ঠান বিরোধিতা এসব তৈরির নেপথ্যে তিনি। তাছাড়া তিনি নিজে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও জিতেছেন। হারিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে শুভেন্দু অধিকারীর সম্ভাবনার ইঙ্গিত অনেক আগে থেকেই পাওয়া গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভবানীপুরে শুভেন্দুর মনোনয়নপত্র দাখিলের সময় সঙ্গে থেকে বার্তা দিয়েছিলেন। এরপর প্রচার পর্বে তিনি জানিয়েছিলেন, বিজেপির মুখ্যমন্ত্রী হবেন বাংলা মিডিয়ামে পড়া বাংলারই মানুষ। আর সম্প্রতি বিভিন্ন সংবাদপত্রে দেয়া পুরো পৃষ্ঠার বিজ্ঞাপনে প্রধানমন্ত্রী মোদির পাশাপাশি জাতীয় সভাপতি নিতিন নবীন ও রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের পাশে আর একজনেরই ছবি দেখা গেছে- তিনি হলেন শুভেন্দু অধিকারী। স্বাভাবিকভাবেই ইঙ্গিতটা স্পষ্ট। অবশ্য মিডিয়াতে আরো দুই তিনটি নাম নিয়ে আলোচনা চলছে। তাদের অন্যতম রাজ্যসভার সদস্য ও রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য এবং আসানসোল থেকে নির্বাচিত অগ্নিমিত্রা পাল।
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats