উপরে বাঁ থেকে এম মাহফুজুল হক ও মো. ময়নুল ইসলাম; নিচে এম মুশফিকুল ফজল ও মো. নাজমুল ইসলাম
যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামের পর পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বাংলাদেশের রাষ্ট্রদূত যথাক্রমে এম মাহফুজুল হক, মো. ময়নুল ইসলাম, এম মুশফিকুল ফজল আনসারী ও মো. নাজমুল ইসলামকে প্রত্যাহার করে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এই চার রাষ্ট্রদূতকে চুক্তিতে নিয়োগ দিয়েছিল অধ্যাপক ইউনূস নেতৃত্বাধীন সাবেক অন্তর্বর্তী সরকার। তাঁদের মধ্যে মাহফুজুল হক সাবেক সচিব। ময়নুল ইসলাম পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর ময়নুল ইসলামকে আইজিপি করা হয়েছিল। কয়েক মাসের মাথায় ২০২৪ সালের ২০ নভেম্বর বাহারুল আলমকে আইজিপি নিয়োগ দিয়ে ময়নুল ইসলামকে রাষ্ট্রদূত করেছিল অন্তর্বর্তী সরকার।
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব সাংবাদিক মুশফিকুল ফজল দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে ছিলেন। গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ইউনূস সরকার তাঁকে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত করেছিলো।
আর মো. নাজমুল ইসলাম একজন একাডেমিক। তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াতেন তিনি। তাঁকে চুক্তিতে মালদ্বীপে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার।
চুক্তিতে নিয়োগ পাওয়া এই চারজনের সঙ্গে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকেও প্রত্যাহার করে পররাষ্ট্র মন্ত্রণালয় বদলি করা হয়েছে। পেশাদার কূটনীতিক আবিদা ইসলামকে গত বছরের জানুয়ারিতে লন্ডনে হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। ১৫ ব্যাচের ওই কূটনৈতিক যুক্তরাজ্যে বহুল আলোচিত হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের স্থলাভিষিক্ত হন। শুরু থেকেই আবিদা ইসলামের নিয়োগ নিয়ে আপত্তি ছিল বিএনপি-জামায়াতের।
এসব রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে অতিসত্বর ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats