তারেক রহমানের নেতৃত্বে শপথ গ্রহণ করছেন বিএনপি দলীয় সংসদ সদস্যরা।
সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নাকচ করে দিলো বিএনপি,- ‘আমরা গণপরিষদের সদস্য নির্বাচিত হইনি’।
শপথ নিয়েছেন বিএনপি জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা। তাদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ মঙ্গলবার সকাল ১০টার পর জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
সাধারণত জাতীয় সংসদের স্পিকার শপথ পড়ানোর দায়িত্ব পালন করেন। কিন্তু গণ অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে সিইসি এই দায়িত্ব পালন করলেন। শপথ অনুষ্ঠানে দেশি ও বিদেশি অতিথিরা অংশ নেন। অনুষ্ঠানে শুরুতে সংসদ সদস্যদের সামনে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে দলীয় সিদ্ধান্ত জানান। তিনি বলেন, সংস্কারের বিষয়ে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলেও বিএনপির সংসদ সদস্যরা আজ মঙ্গলবার সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না। সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির সংসদ সদস্যদের শপথ পড়ার আগে সংক্ষপ্তি বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধানে এ বিষয় যুক্ত না থাকায় বিএনপির সংসদ সদস্যরা আজ সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নেবেন না। তিনি বলেন, ‘আমরা গণপরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হইনি।’ সংসদ সদস্য হিসাবে শপথ নেওয়ার পর সংসদ সদস্যরা শপথপত্রে সই করেন।
এর আগে সকাল ৯টার পরপরই সংসদ ভবনে নবনির্বাচিত সদস্যরা আসতে শুরু করেন। বাইরে ছিল সাধারণ মানুষের ভিড়, আর সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জিতেছে। এ ছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি আসন পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়ী হয়েছেন।
বিএনপি ধানের শীষ প্রতীকে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট পেয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া দল জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়েছে বলে জানিয়েছে ইসি।
ইসির তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল ও ২৭৪ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ২৯৯ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রামের দুটি আসনের (চট্টগ্রাম ২ ও ৪) ফল ঘোষণা করা হয়নি।
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats