30 September 2026
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 09:55 AM, 30 September 2026.
Digital Solutions Ltd

মেজর জেনারেল অব. মহিউদ্দিন গ্রেপ্তার, সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

মেজর জেনারেল অব. মহিউদ্দিন গ্রেপ্তার, সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

Publish : 09:55 AM, 30 September 2026.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে অবৈধভাবে প্রবেশ করে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মারধর ও লুটপাটের ঘটনায় করা মামলার আরেক আসামি সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন চৌধুরীকে (৬৬) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে ঢাকা ডিবি গুলশান বিভাগের একটি দল রাজধানীর সেগুনাবাগিচায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এদিকে সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য ও লেনদেনের বিবরণ চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

আজ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়। ডিএমপি জানায়, গ্রেপ্তার মহিউদ্দিন চৌধুরী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল। এ নিয়ে ওই ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হলো।

২৬ সেপ্টেম্বর মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের আবাসন প্রকল্প এলাকায় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় একদল লোক। এ সময় তারা এলোপাতাড়ি প্রায় ৫০টি গুলি ছোড়ে এবং রামদা, ছোরা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।

একপর্যায়ে হামলাকারীরা জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ঢুকে ব্যাপক ভাঙচুর করে। সেখান থেকে বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায় তারা। ওই রাতেই সালমান মুক্তাদির ভাঙচুর হওয়া তাঁর স্টুডিও নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দিলে দেশজুড়ে আলোচনা হয়।

মিরপুরে গভীর রাতে মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার পরের রাতে এ হামলার ঘটনা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তৈরি করে।

এ ঘটনায় প্রকল্পের কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।

তিন আসামি রিমান্ডে

এই হামলা–লুটপাটের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার অপর তিন আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দিয়েছেন আদালত। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিদ্দিক আজাদের আদালত মামলার তদন্ত কর্মকর্তা ও ক্যান্টনমেন্ট থানার এসআই সুব্রত দেবনাথের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুণ অর রশিদ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন মামুন (৩২), আসলাম (২৪) ও মুন্না (২৯)। মামলার তদন্ত কর্মকর্তা এদিন আদালতে আসামিদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

 এ ঘটনায় দায়ের হওয়া মামলায় বলা হয়, আনুমানিক ৫০ জন দুষ্কৃতকারী দলবদ্ধ হয়ে এ হামলা চালায়। এ ঘটনায় সাইট ইঞ্জিনিয়ার মো. পারভেজসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। হামলাকারী ব্যক্তিরা প্রকল্প এলাকা থেকে নগদ টাকা, ল্যাপটপ, কম্পিউটার, বিআরবি কেব্‌ল, ক্যামেরা ও প্রফেশনাল মিডিয়া ইক্যুইপমেন্টসহ বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে যায়। পাশাপাশি গাড়ি ভাঙচুর করা হয়।

বাদী প্রতিষ্ঠানের প্রায় ১ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি এবং ১ কোটি ৫০ লাখ ৪৩ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। ওই সময়ে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিস’ নামের স্টুডিওতে অনধিকার প্রবেশ, ভাঙচুর ও লুটপাট করা হয়।

ঘটনার খবর পেয়ে ক্যান্টনমেন্ট থানার পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারী ব্যক্তিরা পুলিশকে লক্ষ্য করেও গুলি ছোড়েন। এ সময় পুলিশ আত্মরক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের পাঁচটি গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও গুলির খোসা উদ্ধার করা হয়।

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ

সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য ও লেনদেনের বিবরণ চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

দেশের বিভিন্ন ব্যাংকে পাঠানো এক ই-মেইল বার্তায় সালমান মুক্তাদিরের হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম (এওএফ), গ্রাহকের পরিচিতি-সংক্রান্ত তথ্য (কেওয়াইসি) ও হিসাব বিবরণী (স্টেটমেন্ট) দিতে বলা হয়েছে।

৩০ সেপ্টেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে পাঠানো ওই ই-মেইল বার্তায় সালমান মোহাম্মাদ মুক্তাদিরের নাম উল্লেখ করে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে জরুরি ভিত্তিতে তথ্য দিতে নির্দেশ দেওয়া হয়। আরও বলা হয়, এই বার্তা উচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত।

বিএফআইইউর পাঠানো বার্তায় সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে সালমান মুক্তাদিরের নামে থাকা হিসাবের কেওয়াইসি ও হিসাব বিবরণীর সফট কপি দিতে বলা হয়েছে। পাশাপাশি সংযুক্ত এক্সেল ফাইলে তাঁর হিসাবসংক্রান্ত সব তথ্য এবং চিহ্নিত প্রতিটি হিসাবের সুদ আয় ও উৎসে কর (টিডিএস)-সংক্রান্ত তথ্য পূরণ করে পাঠাতে বলা হয়েছে।

বার্তায় ব্যাংকগুলোকে এসব তথ্য এক ঘণ্টার মধ্যে গোএমএল মেসেজ বোর্ডের মাধ্যমে পাঠাতে নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে বিএফআইইউর এক পরিপত্রের সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে তথ্যের গোপনীয়তা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিএফআইইউর এই বার্তা দেশের বিভিন্ন ব্যাংকে পাঠানো হয়েছে। প্রাপকের তালিকায় সরকারি, বেসরকারি ও বিদেশি ব্যাংকসহ বেশ কয়েকটি ব্যাংকের নাম রয়েছে।

কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া হয়। দুর্বৃত্তরা তাঁর কার্যালয়ে ঢুকে বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে।

 গত শনিবার রাত সাড়ে ১০ টার দিকে রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে অবস্থিত সালমান মুক্তাদিরের কার্যালয়ে এই হামলা চালানো হয়। হামলার পর রাতেই একটি ভিডিও প্রকাশ করেন সালমান মুক্তাদির। তাঁকে বলতে শোনা যায়, ‘ভিডিওটা শুধু খুবই স্পেশালি বানানো আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, উনার জন্য। আপনি প্লিজ কোনো টেনশন নিবেন না, দিস ইজ নরমাল ইন বাংলাদেশ।’

এ ঘটনার প্রতিক্রিয়ায় সালমান মুক্তাদির প্রথমে অভিযোগ করেন, বিএনপির লোকজন চাঁদা চেয়েছিল, যদিও পরে তিনি বলেন, তাঁর কাছে চাঁদা চাওয়া হয়নি। এই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরসহ আরও যাঁদের ব্যাপক পরিচিতি ও ভাইরাল জনপ্রিয়তা আছে, তাঁরা ভবিষ্যতে আরও দায়িত্বশীল হবেন বলে তিনি আশা করেন।

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম প্রধানমন্ত্রীর ভারত সফর দুই দেশের মানুষই চায়: ভারতের হাইকমিশনার শিরোনাম ইসরায়েলগামী বিমানে পাইলটকে সহকারীর ছুরিকাঘাত, সৌদিতে জরুরি অবতরণ শিরোনাম সেপ্টেম্বরে কারা হেফাজতে মৃত্যু ২৪, ‘মবে’ নিহত ২৩: এমএসএফের প্রতিবেদন শিরোনাম হাদির নাম মুছে ঢাবির হলের ফটকে ফিরছে বঙ্গবন্ধুর নাম শিরোনাম মিরপুরে হকার উচ্ছেদ: তাকে না জানানোয় ‘বিস্মিত’ জামায়াত আমির শিরোনাম ‘অবিবাহিত’ বা ‘অভিভাবক ছাড়া’ নারীদের বিদেশযাত্রায় বাধা কেন?