12 August 2026
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 10:16 AM, 11 August 2026.
Digital Solutions Ltd

যেভাবে হবে রাষ্ট্রপতি নির্বাচন : দলের বাইরে ভোট দেয়ার সুযোগ নেই

যেভাবে হবে রাষ্ট্রপতি নির্বাচন : দলের বাইরে ভোট দেয়ার সুযোগ নেই

Publish : 10:16 AM, 11 August 2026.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৯ জন সংসদ সদস্যের ভোটগ্রহণে থাকবে তিনটি স্বচ্ছ ব্যালট বাক্স। ব্যালট পেপারে দুটি অংশ—বামপাশে মুড়ি, ডানপাশে ভোট। মুড়ির অংশে সংসদ সদস্যকে চারটি তথ্য পূরণ করতে হবে। আর ভোটের অংশে প্রার্থীর নাম উল্লেখ করে তারপাশে সই করে ভোট দিতে হবে।

আজ মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। এর আগে বেলা ১১টার দিকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকার, চিফ হুইপ ও বিরোধীদলীয় চিফ হুইপের সঙ্গে জাতীয় সংসদ সচিবালয়ে এক প্রস্তুতিমূলক সভা করেন তিনি। আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলবে।

ইসি সচিব বলেন, ‘সংসদ সদস্যরা স্ব স্ব আসনে বসবেন। তাদের কাছে ব্যালট বাক্স পৌঁছে দেওয়ার পর তারা মনোনীত প্রার্থীকে সই করে তিনটি ব্যালট বাক্সে ভোট দেবেন। ব্যালট বাক্সগুলো স্বচ্ছ হবে।’

কারা এই নির্বাচন প্রত্যক্ষ করবেন, জানতে চাইলে আখতার আহমেদ বলেন, ‘১৯৯১ সালের পর প্রথম রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। দীর্ঘবিরতির পর এই নির্বাচন সরাসরি প্রত্যক্ষ করার সুযোগ নেবে ইসি। আমরা নাম পাঠাবো।’ তিনি আরও জানান, সংসদ থেকেই সরাসরি সম্প্রচার করা হবে। সংবাদকর্মীদের বসার ব্যবস্থা রাখা হতে পারে। ইসি সচিবালয় থেকে ২০ জনের নাম পাঠানো হবে।

ইসি সচিবালয় থেকে ব্যালট ছাপানো হবে বলেও জানান ইসি সচিব।

তিনি বলেন, ‘ব্যালট পেপারে দুটো অংশ—একটা মুড়ি, আরেকটা হচ্ছে ভোট। মুড়িতে চারটা তথ্য থাকবে। ব্যালটের ক্রমিক নম্বর, ভোটদাতার নাম, বিভক্তি নম্বর, তারপর একটা স্পেস থাকে যেখানে সই করে ব্যালটটা নিতে হবে।’

ব্যালটের ডান পাশের অংশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম উল্লেখ থাকবে জানিয়ে ইসি সচিব বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নামের পাশে স্পেস দেওয়া থাকবে। সেই স্পেসে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করবেন সংসদ সদস্যরা।’

ভোটের দিন অধিবেশন কক্ষে সিইসি কোথায় বসবেন ও সংসদ সদস্যরা কোথায় বসবেন—এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘সংসদ সদস্যরা তাদের নির্দিষ্ট সিটে বসবেন। আর সিইসির বসার জায়গা সংসদ সচিবালয় থেকে নির্ধারণ করে দেওয়া হবে।’

রাষ্ট্রপতির নির্বাচনে কোনো সংসদ সদস্য বিপক্ষ দলের প্রার্থীকে ভোট দিলে তা ফ্লোর ক্রসিং হবে কি না ও সংবিধানের ৭০ অনুচ্ছেদ প্রসঙ্গে জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘এটা নির্বাচনের সঙ্গে সম্পর্কিত না, এটা রাজনৈতিক প্রশ্ন। আপনি রাজনৈতিক নেতাদের কাছে এই প্রশ্ন করেন।’

এছাড়া রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জাতীয় সংসদের বিশেষ বৈঠকের বিষয়ে আজই গেজেট প্রকাশ করা হবে বলে জানান আখতার আহমেদ।

গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা ও ২০ আগস্ট ভোটগ্রহণের দিন নির্ধারণ করে ইসি। ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। ১৬ আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হবে এবং তা শেষ না হওয়া পর্যন্ত চলবে।

প্রার্থীরা ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।

গত ২৪ জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তার পদত্যাগের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবিধান ও রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হয়। আইন অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা।

দলের বাইরে কাউকে ভোট দিলে সংসদ সদস্য পদ বাতিল

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা নিজ দলের বাইরের প্রার্থীকে ভোট দিতে পারবেন না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম। তিনি বলেছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর আছে। ফলে কেউ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিলে তাঁর সংসদ সদস্য পদ বাতিল হবে।

আজ মঙ্গলবার রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন চিফ হুইপ। ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণের দিন নির্ধারিত আছে। সংবিধান অনুসারে, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা আছে, কেউ একটি দলের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে, সেই দল ছেড়ে দিলে তাঁর সংসদীয় আসন চলে যাবে। এ ছাড়া সংসদে নিজের দলের বিরুদ্ধে ভোট দিলে তাঁর আসন শূন্য হবে। তবে রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ প্রয়োগ হওয়া না হওয়া নিয়ে নানা মত আছে। এরই পরিপ্রেক্ষিতে বিষয়টি সামনে আনেন সাংবাদিকেরা।

 রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে চিফ হুইপ নূরুল ইসলাম আরও বলেন, ২০ আগস্ট সংসদকক্ষে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। সংসদ সদস্যরা তাঁদের বিভক্তিসংখ্যা অনুযায়ী ভোট দেবেন। রাষ্ট্রপতি, সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা এবং ভারপ্রাপ্ত স্পিকার যখন ভোট দেবেন, তখন সেটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। ভোট গণনা থেকে শুরু করে ফলাফল হওয়া পর্যন্ত সরাসরি সম্প্রচার চলবে।

বিএনপির প্রার্থী কবে চূড়ান্ত হবে, এমন প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, ‘প্রধানমন্ত্রী ঘোষণা করলে আমরা সবাই জানতে পারব। মনোনয়ন ফরম দাখিলের সময়ই আমরা সবাই জানব।’

উল্লেখ্য, ইতিমধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের পক্ষ থেকে কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। অন্যদিকে বিএনপি তাদের প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। তবে দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রার্থী হচ্ছেন বলে দলটির সূত্র জানিয়েছে। বিএনপি ও বিরোধী দলের পক্ষ থেকে ইতিমধ্যে রাষ্ট্রপতি পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। জমা দেওয়ার তারিখ আগামী বৃহস্পতিবার।

সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণতন্ত্রের জন্য একটা অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন। তাঁরা দেশবাসীকে তাঁদের রাজনৈতিক অবস্থান জানান দিতে চান। তাঁরা মনে করছেন তাঁদের প্রার্থী এ মুহূর্তে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি।

নাহিদ ইসলাম আরও বলেন, ‘জুলাই সনদ’ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনটা হওয়া উচিত ছিল। যেহেতু গণভোটের রায়ও সংস্কারের পক্ষে এসেছে, তাই ৭০ অনুচ্ছেদ সংস্কার করে রাষ্ট্রপতি নির্বাচন করা যেত। তাহলে নির্বাচিত রাষ্ট্রপতি আরও বেশি সম্মানিত ও গ্রহণযোগ্য হতেন। তারপরও যেহেতু নির্বাচন হচ্ছে, তাঁরা এটাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হতে দিতে চান না। সে জন্য অলি আহমদকে তাঁরা প্রার্থী ঘোষণা করেছেন। নাহিদ ইসলামের এনসিপি ১১–দলীয় এক্যের অন্যতম শরিক।

এর আগে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে সভা হয়। সেখানে চিফ হুইপ নূরুল ইসলাম, বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম এবং হুইপদের মধ্যে জি কে গউছ, রকিবুল ইসলাম বকুল, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, আখতারুজ্জামান মিয়া, এ বি এম আশরাফ উদ্দিন নিজান উপস্থিত ছিলেন। এ ছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভুঁইয়া, নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন বৈঠকে।

 সংসদ সচিবালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জাতীয় সংসদের অধিবেশন কক্ষ ব্যবহার, যাবতীয় দরকারি সহায়তা এবং সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিতকরণে সভায় আলোচনা হয়েছে। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে যাবতীয় লজিস্টিক সাপোর্ট এবং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচনী কর্তার দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। ভোট গ্রহণ কার্যক্রম পরিচালিত হয় সিইসির তত্ত্বাবধানে। স্পিকার, প্রধানমন্ত্রীসহ অন্য সংসদ সদস্যরা ভোটার হিসেবে বিবেচিত হন।

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম যেভাবে হবে রাষ্ট্রপতি নির্বাচন : দলের বাইরে ভোট দেয়ার সুযোগ নেই শিরোনাম ৫০ লাখ টাকা চাঁদা না দিলে প্রবাসীকে যেখানে পাবে সেখানে গুলি শিরোনাম সকল ক্ষেত্রে ভঙ্গুর এই রাষ্ট্রটি এবার পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী শিরোনাম ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধান পরাগ জৈন এখন ঢাকায় শিরোনাম সৌদিতে ১৬ বাংলাদেশি নিহত: শোকস্তব্ধ নওগাঁর গন্ডগোহালী শিরোনাম অভিযোগের পর প্রদর্শনীর চিত্রকর্মে প্রত্যাহার করলো রাজশাহী বিশ্ববিদ্যালয়