রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করছেন আহ্বায়ক নাহিদ ইসলামসহ এনসিপি নেতারা
বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছেন। জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরে শহীদ আবু সাঈদের বাড়িতে তাঁর কবর জিয়ারত শেষে এ কথা বলেন নাহিদ ইসলাম।
এনসিপির এই নেতা বলেন, ‘আবু সাঈদের যে মামলা, সে মামলার আসামি শেখ হাসিনা নিজেও এবং সে রায়ে শেখ হাসিনাকে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে। আমরা আশা করব, সরকার দ্রুত সময়ের মধ্যে তাঁকে দেশে এনে ফাঁসির রায় কার্যকর করবে। এ ছাড়া অন্য যে সব মামলা আছে, দ্রুত সময়ে মধ্যে সেগুলোর রায়ের প্রদান করে সাজা কার্যকর করতে হবে।’
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে সরকার জনগণকে কেবল মৌখিক আশ্বাস দিচ্ছে, বাস্তবে কোনো পদক্ষেপ নিচ্ছে না।
জুলাই অভ্যুত্থানের সময়কার অন্যতম সংগঠক নাহিদ ইসলাম বলেন, গণভোটে জনগণ রাষ্ট্র সংস্কারের পক্ষে স্পষ্ট রায় দিলেও সরকার তা বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তাই জুলাই শহীদদের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা দিতে হলে মুখের প্রতিশ্রুতি নয়, গণভোটের রায়ের আলোকে রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
নিজেদের আবু সাঈদসহ অন্য জুলাই শহীদদের উত্তরসূরি উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের দায়িত্ব নতুন, বৈষম্যবিরোধী ও ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা জন্য কাজ করে যাওয়া।’
নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই গণ–অভ্যুত্থানের পর আমাদের তিনটি দাবি ছিল—বিচার, সংস্কার ও নির্বাচন। আমরা দেখেছি, নির্বাচন হয়েছে, কিন্তু বিচার ও সংস্কার জনগণ এখনো পায়নি। বিচারে আবু সাঈদ হত্যাকাণ্ডের রায় আমরা পেয়েছি, কিন্তু সেই রায় এখনো কার্যকর হয়নি। আমাদের আহ্বান থাকবে সরকার, চিফ প্রসিকিউটর ট্রাইবুনাল থেকে এ রায়ের আপিল শুনানি যেন দ্রুত কার্যকর করে।’
সরকারি দল ও বিরোধী দল মিলে জুলাই সনদকে অক্ষরে অক্ষরের বাস্তবায়ন করবে—মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম বলেন, ‘সরকার যদি ইতিবাচকভাবে ও সত্যিকার অর্থে সংস্কার করতে চায়, আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করব। সংস্কার, বিচার, ফ্যাসিবাদের বিলুপ্তি, বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতির ইত্যাদি প্রশ্নে আমরা নিজেদের সরকারবিরোধী হিসেবে দেখি না। আমরা দেশের জনগণ ও রাষ্ট্রের পক্ষে এক কাতারে দাঁড়াতে প্রস্তুত।’
এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান মোজাহিদসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতা-কর্মীরা।
জুলাই গণ–অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ ভোর থেকেই রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে তাঁর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনে ভিড় করেন নানা শ্রেণি-পেশার মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন।
২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ।
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats