Friday, 13 February 2026
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 11:51 PM, 12 February 2026.
Digital Solutions Ltd

নতুন বাংলাদেশের হাল ধরবেন তারেক রহমান

নতুন বাংলাদেশের হাল ধরবেন তারেক রহমান

Publish : 11:51 PM, 12 February 2026.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

যুক্তরাষ্ট্র, ভারত ও পাকিস্তানের অভিনন্দন

 দেড় বছর আগে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক দলগুলো, নাগরিক সমাজ ও সাধারণ নাগরিকদের আগ্রহের কেন্দ্রে যে তিনটি বড় বিষয় রয়েছে, এর দুটি হলো একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচনের মাধ্যমে নিয়মিত সরকার প্রতিষ্ঠা এবং ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার ঝুঁকি কমাতে জুলাই জাতীয় সনদ কার্যকর করার মাধ্যমে রাষ্ট্রব্যবস্থার সংস্কার। এ দুটি বিষয়ে জনতার সরাসরি রায় নিতে দেশব্যাপী গতকাল বৃহস্পতিবার একসঙ্গে অনুষ্ঠিত হলো জাতীয় সংসদ নির্বাচন ও সনদের ওপর গণভোট।

বেসরকারিভাবে রাত দেড়টা পর্যন্ত যেসব আসনের ফল ঘোষিত হয়েছে, তাতে জাতীয়তাবাদী দল (বিএনপি) জামায়াত-এনসিপির নেতৃত্বাধীন জোটের চেয়ে অধিকাংশ আসনে এগিয়ে ছিল। বেসরকারিভাবে ঘোষিত ১৯৪টি আসনের ফল অনুযায়ী বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থীরা ১৫২টি আসনে জয়ী ঘোষিত হন। জামায়াত-এনসিপির জোটের প্রার্থীরা জয়ী হন ৪০টি আসনে।

বিএনপির জয়ী নেতাদের মধ্যে রয়েছেন চেয়ারম্যান তারেক রহমান (ঢাকা-১৭ ও বগুড়া-৬), মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ঠাকুরগাঁও-১), স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ (কক্সবাজার-১), ড. খন্দকার মোশাররফ হোসেন (কুমিল্লা-১), হাফিজ উদ্দিন আহমেদ (ভোলা-৩), ড. আবদুল মঈন খান (নরসিংদী-২), এজেডএম জাহিদ হোসেন (দিনাজপুর-৬)।

বিএনপির জোট শরিকদের মধ্যে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ (ভোলা-১), গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি (ব্রাহ্মণবাড়িয়া-৬) ও গণ অধিকার পরিষদের নুরুল হক নুর (পটুয়াখালী-৩) বিজয়ী হয়েছেন।

জামায়াতের জয়ী নেতাদের মধ্যে রয়েছেন আমির ডা. শফিকুর রহমান (ঢাকা-১৫), নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের (কুমিল্লা-১১) ও এটিএম আজহারুল ইসলাম (রংপুর-২)। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার (খুলনা-৫) ও জোট নেতা মাওলানা মামুনুল হক পরাজিত হয়েছেন।

জামায়াতের শরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম (ঢাকা-১১), সদস্য সচিব আখতার হোসেন (রংপুর-৪), হাসনাত আবদুল্লাহ (কুমিল্লা-৪) ও হান্নান মাসউদ (নোয়াখালী-৬) বিজয়ী হয়েছেন।

স্বতন্ত্র আলোচিত প্রার্থীদের মধ্যে বিজয়ী হয়েছেন রুমিন ফারহানা (ব্রাহ্মণবাড়িয়া-২, বিএনপি বিদ্রোহী)।

এর বাইরে ৬৫টি আসনে বিএনপি ও ৩০টি আসনে জামায়াত জোটের প্রার্থীরা এগিয়ে ছিলেন। ভোটের ফলাফলের সর্বশেষ প্রবণতা অনুযায়ী, বিএনপির বড় ব্যবধানে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও রাষ্ট্র সংস্কারের পর নতুন বাংলাদেশ গড়ার ভার বিএনপি নেতা তারেক রহমানের ওপর পড়ল।

দেশ-বিদেশে অনেকের সংশয় ছিল এ নির্বাচন আদৌ হবে কি না? হলে কেমন হবে? সব সংশয় কাটিয়ে কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্যে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হলো। এবারকার ভোটে বড় যে বৈশিষ্ট্য দেখা গেছে, তা হলো উৎসবমুখর পরিবেশ। বয়স, পেশা ও শারীরিক অবস্থা নির্বিশেষে নারী ও পুরুষ ভোটারের অধিকাংশই ভোট দিতে গেছেন। শুধু নিজেরাই যাননি, সরাসরি অথবা সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যদের আবেদন অনুরোধ করেছেন ভোট দিতে। ভোটার ছাড়াও বয়স কম বলে এখনো তালিকায় নাম আসেনি, কিশোর বয়সের এমন অনেকে বড়দের সঙ্গে ভোটকেন্দ্রে গিয়েছেন। বয়সের ভারে ন্যুব্জ হয়ে পড়া ব্যক্তিকে ছেলে বা নাতির কোলে চড়ে, অসুস্থ লোককে হুইলচেয়ারে ও প্রতিবন্ধীকে হাতে ভর দিয়ে কেন্দ্রে যেতে দেখা গেছে। ভোট দিতে পেরে অনেককেই কেন্দ্রের মাঠে অথবা বাইরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনেকে সেলফি ও অমোচনীয় কালি দেওয়া আঙুলের ছবি তুলে ফেসবুকে দিয়েছেন। এর বাইরে দিনটি সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের ছুটি থাকায় প্রায় সবাই ছিলেন নিরভার।

নাগরিকদের এমন বিপুল আগ্রহের প্রতিফলন ঘটেছে প্রাপ্ত ভোটের হারে। বুধবার রাতে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ‘গুজব’ থাকায় ভোট দিতে যাওয়ার বিষয়ে অনেকে, বিশেষ করে নারীরা, সংশয়ে ছিলেন। এ কারণে ভোটগ্রহণ শুরুর সময় সকাল সাড়ে ৭টার পর থেকে কেন্দ্রগুলোয় পুরুষ ভোটার বেশি দেখা গেছে। নারী ভোটার ছিল কম। প্রথম দুই ঘণ্টায় ভোট পড়েছে কেন্দ্রভেদে ৬ থেকে ৮ শতাংশ। এরপর বেলা যতই গড়িয়েছে শেষের দিকে, ততই ভোটার বেড়েছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে। কেউ কেউ একা গেছেন ভোট দিতে। আবার অনেকে গেছেন ভাই-বোন অথবা বন্ধুদের সঙ্গে মিলে। পুরো পরিবার একসঙ্গে ভোট দিতে গেছে, এমনটিও দেখা গেছে। এতে করে নির্বাচন কমিশনের হিসাবে সারা দেশে দুপুর ১২টার দিকে ভোটের হার দাঁড়ায় প্রায় ৩৩ শতাংশ। বিকেল সাড়ে ৪টার দিকে ভোটগ্রহণ শেষ হয়। নির্বাচন কমিশন সূত্রের তথ্য অনুযায়ী প্রদত্ত ভোটের হার প্রায় ৬০ শতাংশ।

দিন শেষে সবার অপেক্ষা পূর্ণাঙ্গ ফলাফলের। কে সংসদ সদস্য নির্বাচিত হলেন নিজ নিজ আসনে। জাতীয় সংসদে আসনের হিসাবে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে কারা সরকার গঠন করবে বিএনপি, নাকি জামায়াতে ইসলামী ও এনসিপির ১০-দলীয় জোট। আর প্রধান বিরোধী দল হবে কারা? নাকি ঝুলন্ত সংসদ হবে, যেখানে বড় দলগুলোর, বিশেষ করে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের পক্ষ নেওয়া সরকার গঠনের বড় নিয়ামক হতে পারে।

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর এবারকার নির্বাচন অনিবার্য হয়ে পড়ে। তার নেতৃত্বাধীন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার দলটি প্রতিদ্বন্দ্বিতায় নেই।

এবারের ভোটে সরকারে বা বিরোধী দলে যে দলই আসুক, রাজধানী ঢাকাসহ জেলায় জেলায় দলগুলোর নেতাদের মধ্যে ‘হেভিওয়েট’ হিসেবে পরিচিত বড় নেতাদের কেউ কেউ এবার হেরে যেতে পারেন, এমন আশঙ্কা দেখছেন তাদের দলেরই অন্য অনেক নেতা। গত বছরখানেকের মধ্যে ১৮ থেকে ১৯ বছর বয়সের তরুণ-তরুণী তালিকায় থাকলেও বিরূপ রাজনৈতিক পরিস্থিতিতে গত তিন-চারটি জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেননি এমন ভোটার ও নারী ভোটারের সিদ্ধান্ত ফলাফলে বড় ধরনের প্রভাব ফেলবে, যা আলোচনা রয়েছে শুরু থেকেই। তাদের অনেকে প্রচলিত ‘দল ও মার্কানির্ভর’ রাজনৈতিক প্রবণতার বাইরে গিয়ে ভোট দিলে কিছু বড় নেতা কুপোকাত হতে পারেন এমন আশঙ্কা দেখছেন কেউ কেউ।

এবারকার নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোট বেশ গুরুত্বপূর্ণ এ কারণে যে, গণভোটে রাষ্ট্র সংস্কারের বিভিন্ন ধাপ কার্যকর করার পক্ষে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে জাতীয় সংসদের উচ্চকক্ষের সদস্য নির্ধারিত হওয়ার কথা দলগুলোর পাওয়া ভোটের হারের ভিত্তিতে। উচ্চকক্ষের সদস্য ১০০ হওয়ার কথা রয়েছে।

সংসদ সদস্য পদে ভোট দেওয়ার জন্য সাদা ব্যালটের সঙ্গে জুলাই জাতীয় সনদ থেকে কয়েকটি বিষয়ের ওপর চারটি প্রশ্ন দিয়ে নাগরিকদের কাছ থেকে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট চাওয়া হয়। বয়স্ক ভোটার, বিশেষ করে নারী ভোটারদের অনেকে সাংবাদিকদের জানান, তারা আগেকার চর্চা অনুযায়ী শুধু মার্কা দেখে ভোট দিয়েছেন। কেউ কেউ বলেছেন, তারা গণভোটের ব্যাপারটি বুঝতে পারেননি বলে ভোট দেননি।

বিভিন্ন কেন্দ্রে ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, দুটি ব্যালট সামাল দিতে গিয়ে দিনের শুরুতে একজনের ভোট সম্পন্ন করতে গড়ে ২ থেকে ৩ মিনিট করে সময় লেগে যায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভোট দিতে সময় নেওয়া কমে আসে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মেয়েকে নিয়ে ভোট দিয়েছেন রাজধানীর গুলশান মডেল হাইস্কুল ও কলেজ কেন্দ্রে। এবারের নির্বাচনকে ঈদের সঙ্গে তুলনা করে তিনি দাবি করেন, ‘এই নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর ছিল।’

একই কেন্দ্রে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোট দিয়েছেন সপরিবারে, স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র মেয়ে জাইমা রহমানকে নিয়ে। গতকাল রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে তার দল ফল মেনে নেবে। তবে ভোট নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা অনাকাক্সিক্ষত ঘটনা ঘটানো হলে সেই ফল মেনে নেওয়া হবে না।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ভোট দিয়েছেন রাজধানীর মনিপুর বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। ভোটের শেষের দিকে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ভোট সুষ্ঠু হলে জামায়াত ফল মেনে নেবে; তবে অন্যদেরও ফল মানতে হবে। গতকাল রাতে তিনি বলেন, চূড়ান্ত ফলাফল ঘোষণার পর শরিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করে জোটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভোট দেন রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে। ভোট দেওয়ার পর সুষ্ঠু নির্বাচন হচ্ছে এমনটা উল্লেখ করে তিনি সাংবাদিকদের বলেন, ‘আজ আমাদের জাতীয় জীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, আনন্দের দিন। আমরা দেড় বছর ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গতকাল রাতে ফেসবুক পেজে বলেন, ভোটগ্রহণ সুষ্ঠু হলেও কিছু কেন্দ্রে ভোট গণনার ক্ষেত্রে কারচুপির চেষ্টা চলছে।

ফল যেমনই হোক, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণ ভোটে স্বস্তি এসেছে দেশে ও প্রবাসে থাকা কোটি কোটি নাগরিকের মধ্যে। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনসহ উন্নয়ন সহযোগী অন্য দেশের প্রতিনিধি ও বিদেশি পর্যবেক্ষকরা কেন্দ্রে কেন্দ্রে ঘুরেছেন ভোট কেমন হচ্ছে দেখতে। এমন নির্বাচন করতে পারা বাংলাদেশের জন্য একটি ভালো লক্ষণ হিসেবে বিবেচনা করছেন তারা।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, বাংলাদেশের গণতন্ত্রের জন্য এটি একটি বড় দিন।

নিকট-প্রতিবেশী ভারত অবশ্য নির্বাচনের বিষয়ে প্রতিক্রিয়া দেওয়ার বিষয়ে সতর্কতার পথ ধরেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল বিকেলে দিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে বলেন, ‘আমরা ফলাফলের জন্য অপেক্ষা করব, দেখব কেমন ম্যান্ডেট আসে। তারপর আমরা বাকি বিষয়গুলো দেখব।’ তবে ভারত বাংলাদেশে স্বাধীন, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের পক্ষে, এমনটি তিনি জানান।

কিছু অঘটন, কিছু ঝামেলা : ‘মন খারাপ’ থাকায় ভোট দেননি জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। গতকাল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি ‘মন খারাপ’ থাকার কথা জানান।

কেন্দ্রে যারা গেছেন, তাদের মধ্যে কেউ কেউ ভোট দিতে গিয়ে ঝামেলায় পড়েছেন। অনেক ভোটার তালিকায় ছবি ও নামের মিল না থাকায় বিপত্তিতে পড়েছেন। সিরাজগঞ্জের ৯২ বছর বয়সের এক নারী ভোটার ছাকেরা বেওয়া কেন্দ্রে গিয়ে তালিকায় নিজেকে ‘মৃত’ হিসেবে খুঁজে পেয়েছেন।

ভোটকেন্দ্রগুলো ছিল প্রধানত শিক্ষাপ্রতিষ্ঠানে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন ভবনে কয়েকটি করে কেন্দ্র ছিল। আবার রাজধানীর তেজগাঁও এলাকাসহ অনেক স্থানে বড় বড় কক্ষে কয়েকটি করে বুথ ছিল। শুধু ভোটার নম্বর ধরে কেন্দ্র বা বুথ খুঁজতে গিয়ে অনেক ভোটার ঝামেলায় পড়েছেন।

গাজীপুর-৩ আসনসহ কিছু কেন্দ্রে কিছু ভোটার গিয়ে দেখতে পান, তাদের ভোট দেওয়া হয়ে গেছে। এমন অভিযোগের পর নির্বাচনী দায়িত্ব থেকে কিছু কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়। এমন ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে কিছু ভোটারকে বিকল্প ব্যালট দিয়ে ‘টেন্ডার ভোট’ নেওয়া হয়।

নওগাঁর একটি কেন্দ্রে ভোটার শেষ হওয়ার আগেই প্রিসাইডিং অফিসার ফলাফলের ফাঁকা শিটে নিজের সই ও সিল দেন। কর্তৃপক্ষ তাকে নির্বাচনী দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেয়। শেরপুরে তিনটি ব্যালট বই ছিনতাই হলেও পরে তা উদ্ধার করা হয়।

অধিকাংশ কেন্দ্র ও বুথে সব প্রার্থীর এজেন্ট দেখা যায়নি। তবে বড় দলগুলোর, বিশেষ করে বিএনপি ও জামায়াত প্রার্থীদের এজেন্ট অধিকাংশ বুথে দেখা গেছে।

ভোটকেন্দ্রে মৃত্যু : চট্টগ্রাম, খুলনা, মানিকগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় ভোট চলাকালে ভোটকেন্দ্রে একজন করে চারজনের মৃত্যু ঘটেছে। তাদের মধ্যে তিনজন বয়স্ক ব্যক্তি ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে মারা যান। অন্যত্র প্রতিপক্ষ দলের কর্মীদের আঘাতে একজন মারা গেছেন, এমন অভিযোগ রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের সময় হঠাৎ অসুস্থ হয়ে মো. মুজাহিদুল ইসলাম (৪৮) নামের এক পোলিং কর্মকর্তা মারা যান।

চার আসনে জটিলতা : ভোটে জিতলেও আইন জটিলতার কারণে সংসদ সদস্য হিসেবে বিএনপি মনোনীত চার প্রার্থীর চূড়ান্ত অবস্থান নির্ভর করবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের ওপর। তারা হলেন আসলাম চৌধুরী (চট্টগ্রাম-৪), সারোয়ার আলমগীর (চট্টগ্রাম-২), ফাহিম চৌধুরী (শেরপুর-২) ও মোবাশ্বের আলম ভূঁইয়া (কুমিল্লা-১০)।

তারেক রহমানকে শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শুভাচ্ছে জানানো হয়।

ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পোস্টে বলা হয়, ‘একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাঁদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা।’

ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পোস্টে আরও বলা হয়, ‘আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সাথে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।’

তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন

বাংলাদেশের ত্রয়োদশ সংসদীয় নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এক টুইট বার্তায় তিনি বলেন, এই বিজয় বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন এবং গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারত পাশে থাকবে।

একই সঙ্গে দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার ও অভিন্ন উন্নয়ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন প্রতিবেশি দেশটির প্রধানমন্ত্রী।

অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী

বাংলাদেশের জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির নেতা তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। নির্বাচনে জয়লাভ এবং সরকার গঠনের ম্যান্ডেট পাওয়ায় তিনি এ শুভেচ্ছা জানান।

পৃথক এক বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও বিএনপির এই বিশাল জয়ে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। প্রেসিডেন্ট জারদারি এক বিবৃতিতে ২৯৯টি আসনে সফলভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন, ১২ কোটি ৭০ লাখের বেশি নিবন্ধিত ভোটারের অংশগ্রহণে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি পাকিস্তানের সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি।

আসিফ আলি জারদারি বলেন, বাংলাদেশের এই নির্বাচন দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য পুরোনো ধাপ কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার একটি সুযোগ। তিনি অভিযোগ করে বলেন, এতদিন আঞ্চলিক সহযোগিতা—বিশেষ করে সার্ক-এর (SAARC) কার্যক্রম ভারতের কাছে জিম্মি ছিল। ১৯৮৫ সালে বাংলাদেশে জন্ম নেওয়া এই মহান সংস্থাটিকে ভারত পঙ্গু করে রেখেছে।

তিনি আশা

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নতুন বাংলাদেশের হাল ধরবেন তারেক রহমান শিরোনাম অবিস্মরণীয় জয় বিএনপির, প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান শিরোনাম ভোটগ্রহণ শেষ, টান টান উত্তেজনায় চলছে গণনা শিরোনাম ভোটের পরিবেশ উৎসবমুখর, গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছার আশাবাদ শিরোনাম বিএনপি জয়ের ব্যাপারে দৃঢ়ভাবে আশাবাদী তারেক রহমান শিরোনাম বড় কিছু হলে ছাড় দেব না, যা করা প্রয়োজন, তা-ই করব; ডা. শফিকুর