Wednesday, 11 February 2026
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 08:16 AM, 11 February 2026.
Digital Solutions Ltd

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির ৭৪ লাখ টাকাসহ গ্রেফতার

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির ৭৪ লাখ টাকাসহ গ্রেফতার

সৈয়দপুর এয়াপোর্টে ঠাকুরগাঁও জামায়াতের আমির বেলাল উদ্দিন (বাঁমে), ডানে মুরাদনগরে আটক হাবিবুর।

Publish : 08:16 AM, 11 February 2026.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

মুরাদনগরে টাকা বিতরণের সময় ইউপি জামায়াতের আমির জনতার হাতে আটক # আটকের ঘটনায় নাটক সাজানোর অভিযোগ জামায়াতের

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানের কাছে ৭৪ লাখ টাকা ছিল বলে জানিয়েছে পুলিশ। ভোটের আগের দিন আজ বুধবার বেলা ১১টার দিকে টাকাসহ তাঁকে আটক করা হয়। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিকেলে বলেন, সব মিলিয়ে উদ্ধার হওয়া অর্থের পরিমাণ ৭৪ লাখ টাকা। আইনি প্রক্রিয়া চলছে। ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী তাঁকে বিমানবন্দরে আটক রেখে থানায় খবর দেয়। অপরদিকে কুমিল্লার মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে আরেক জামায়াতের নেতা আটক করেছে জনতা। দেশের বিভিন্ন স্থানে জামায়াত নেতাদের বাড়ি থেকে দেশিয় অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে বেলা পৌনে একটার দিকে নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি বলেছেন যে তাঁর কাছে থাকা অর্থের পরিমাণ অর্ধ কোটি টাকার বেশি। পুলিশ এখনও গুনে দেখেনি। সবার উপস্থিতিতে টাকাগুলো গোনা হবে। পুলিশ জানায়, পরে টাকা গুনে ৭৪ লাখ টাকা পাওয়া যায়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, বেলাল উদ্দিন ঢাকা থেকে একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে যান। তাঁর ব্যাগে আনুমানিক ৪০ লাখ টাকা আছে—এমন গোয়েন্দা তথ্যে তাঁকে আটক করা হয়। বিমানবন্দরে তাঁর সঙ্গে ছিলেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের দপ্তর সম্পাদক আবদুল মান্নান। তবে তাঁকে আটক করা হয়নি।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেলাল উদ্দিন প্রধানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন। সেখানে তিনি বলেন, তাঁর বাড়ি ঠাকুরগাঁও সদরের হাজীপাড়ায়। তিনি শিক্ষকতা করেন।

ব্যাগে কত টাকা আছে জানতে চাইলে জামায়াতের এই নেতা বলেন, ‘এখানে ৫০-৬০ লাখ, ৫০ লাখ প্লাস টাকা আছে।’ কিসের টাকা জানতে চাইলে তিনি বলেন, ব্যবসার, গার্মেন্টসের।

জিজ্ঞাসাবাদের সময় বেলাল উদ্দিন প্রধান অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এই হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নাজমুল হুদা বলেন, তাঁর (বেলাল উদ্দিন) বুকে ব্যথা হচ্ছিল। তখন তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, উদ্ধারকৃত অর্থের উৎস ও ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে বেলাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নির্বাচনী পরিবেশে এত বিপুল পরিমাণ অর্থ বহনের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হিসেবে বিবেচনা করছে জেলা পুলিশ ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো।

নেতাদের প্রশ্নবিদ্ধ করতে নাটক সাজানো হয়েছে: জামায়াত

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে টাকাসহ আটকের ঘটনায় নাটক সাজানোর অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াত নেতাদের প্রশ্নবিদ্ধ করার জন্য কাজটি করা হয়েছে বলেছে দলটি।

আজ বুধবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এ কথা বলেন। সকালে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে টাকাসহ সৈয়দপুর বিমানবন্দর থেকে আটক করা হয়।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আজ দুপুরে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরে যাচ্ছিলেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির। ঢাকায় বিমানবন্দরের কর্মকর্তারা তাঁর সঙ্গে টাকা থাকার বিষয়টি জেনেছেন। অভ্যন্তরীণ রুটে এভাবে টাকা বহনে কোনো অসুবিধা নেই উল্লেখ করে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগীব সামাদ অনাপত্তিপত্র দিয়েছেন। তারপরও খারাপ উদ্দেশ্যে একটা নাটক সাজিয়ে সেটি নেতিবাচকভাবে ছড়ানো হয়েছে।

এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, ‘তিনি (বেলাল উদ্দিন প্রধান) তাঁর বক্তব্য স্পষ্ট করেছেন যে আমার ব্যবসায়ের জন্য আমি আসা-যাওয়া করি। ব্যাংক বন্ধ, আমাকে কিছু লেনদেন করতে হয়। এ জন্য তাঁর সঙ্গে কিছু নগদ টাকা ছিল। যেটি খুবই স্বাভাবিক।’

এ ঘটনার পরে জামায়াতের আমির শফিকুর রহমান বেলা ২টার পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন। ওই পোস্টে জামায়াতের আমির লিখেছেন, জাতি যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত, তখন কেউ কেউ দেশে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াচ্ছে। জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করার জন্য এ ধরনের অপচেষ্টায় লিপ্ত বলে তিনি অভিযোগ করেন।

তবে পোস্টে তিনি আটকের কোনো ঘটনার সরাসরি উল্লেখ করেননি। পরে এ নিয়ে সংবাদ সম্মেলন করে জামায়াত।

মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াতের নেতা আটক

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে হাবিবুর রহমান হেলালী নামে এক জামায়াত নেতাকে আটক করেছেন স্থানীয় লোকজন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত তাঁকে থানায় নিয়ে যান। এ সময় তাঁর কাছ থেকে নগদ ২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। তবে স্থানীয় জামায়াত নেতাদের দাবি, এটি ‘ষড়যন্ত্র’।

আজ বুধবার সকালে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামতকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। দুপুরে ওই জামায়াত নেতাকে আটক করে থানায় আনা হয়। আটক হাবিবুর রহমান হেলালী উপজেলার ধামঘর ইউনিয়ন জামায়াতের আমির। তাঁর বাড়িও সেখানে। তিনি উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নে জামায়াতে ইসলামীর প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক।

স্থানীয় লোকজনের দাবি, আগামীকাল অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটারদের মাঝে টাকা বিতরণ করছিলেন হাবিবুর রহমান হেলালী। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাঁকে আটক করে প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ১ হাজার টাকার দুটি বান্ডিলে নগদ ২ লাখ টাকাসহ হাবিবুর রহমান হেলালীকে আটক করে মুরাদনগর থানায় নেওয়া হয়।

আটকের পর অভিযোগ অস্বীকার করে হাবিবুর রহমান হেলালী দাবি করেন, তাঁর কাছে এত টাকা ছিল না। নির্বাচনী কেন্দ্রে দায়িত্ব পালনরত জামায়াতে ইসলামীর এজেন্টদের খাবার খরচের জন্য অল্প কিছু টাকা ছিল। তাঁর গাড়িতে জোর করে অতিরিক্ত টাকা রেখে বিএনপির পক্ষ থেকে তাঁকে ফাঁসানো হয়েছে।

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আ. লীগহীন নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর হওয়ার প্রত্যাশা শিরোনাম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও কার্যকর সংখ্যাগরিষ্ঠতা পাবে বিএনপি শিরোনাম যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী হয়ে কি ইতিহাস গড়তে পারবেন শাবানা মাহমুদ শিরোনাম ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির ৭৪ লাখ টাকাসহ গ্রেফতার শিরোনাম বাণিজ্যচুক্তির নামে বাংলাদেশকে আষ্টেপৃষ্ঠে বেঁধেছে যুক্তরাষ্ট্র! শিরোনাম গণতন্ত্রের গভীর সমস্যাকে সামনে এনেছে বাংলাদেশ