Thursday, 12 February 2026
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 07:10 AM, 12 February 2026.
Digital Solutions Ltd

ভোটগ্রহণ শেষ, টান টান উত্তেজনায় চলছে গণনা

ভোটগ্রহণ শেষ, টান টান উত্তেজনায় চলছে গণনা

ভোট গণনা চলছে একটি কেন্দ্রে।

Publish : 07:10 AM, 12 February 2026.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন কেন্দ্রে কেন্দ্রে চলছে ভোট গণনা। সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল সাড়ে চারটায়। এবারের ভোটে দু-চারটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর।

এবারের নির্বাচনের বিশেষ তাৎপর্য হলো, সংসদ নির্বাচনের পাশাপাশি সংবিধান সংস্কার ও ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ে ঐতিহাসিক গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর গুলশান-২-এর মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ইস্কাটন গার্ডেন উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। রাজধানীর আদমজী কলেজে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভোট দেন।

গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোট দেন। তার সঙ্গে ভোট দেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রার্থী হিসেবে রাজধানীর ৬০ ফিট মনিপুর বয়েজ হাইস্কুল কেন্দ্রে ভোট দেন। ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বাড্ডা থানার বেরাইদ এলাকার একেএম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেন।

নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ, আনসার, বিজিবি, র‌্যাব ও সশস্ত্র বাহিনীর ১ লাখ ৮ হাজার সদস্যসহ মোট ৯ লাখ ৫৮ হাজার নিরাপত্তাকর্মী মাঠে দায়িত্ব পালন করছেন। নিরাপত্তার চাদরে ঢাকা ৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ৯০ শতাংশের বেশি কেন্দ্রে সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া নিরাপত্তা বাহিনীর সদস্যদের ২৫ হাজার ৭০০টি বডি-ওর্ন ক্যামেরা দেওয়া হয়েছে। যেকোনো সহিংসতা বা বিশৃঙ্খলার তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’ এবং অভিযোগের জন্য ৩৩৩ হটলাইন নম্বর চালু রাখা হয়েছে।

এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ, নারী ও তৃতীয় লিঙ্গের ভোটাররা সারাদেশে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন। প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত থাকায় ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়েছে।

জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর অনুষ্ঠিত গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ এক বিবৃতিতে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছেন।

নির্বাচনে ভোটগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা বলেন, ‘ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ, প্রার্থীদের সংযম ও নির্বাচন-সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের পেশাদারত্ব—এই সম্মিলিত প্রচেষ্টাই প্রমাণ করেছে যে গণতন্ত্রের প্রতি আমাদের অঙ্গীকার অটুট। জনগণ তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারনে সক্রিয় ভূমিকা রেখেছেন।’

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমি নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, পর্যবেক্ষক দল, গণমাধ্যমকর্মী এবং ভোটগ্রহণে সম্পৃক্ত সব কর্মকর্তা-কর্মচারীর প্রতি বিশেষ ধন্যবাদ জানাই। তাঁদের নিষ্ঠা ও পরিশ্রমের ফলেই এই বিশাল গণতান্ত্রিক আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি আহ্বান জানাই—চূড়ান্ত ফলাফল ঘোষণার পরও যেন গণতান্ত্রিক শালীনতা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অটুট থাকে। মতের ভিন্নতা থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে।’ তিনি বলেন, ‘বাংলাদেশ আজ আবারও প্রমাণ করেছে—জনগণই সকল ক্ষমতার উৎস। এই নির্বাচন আমাদের জন‍্য মহা আনন্দের ও উৎসবের। এর মধ‍্য দিয়ে নতুন বাংলাদেশের এক অভূতপূর্ব যাত্রা শুরু হলো।’

প্রধান উপদেষ্টা বলেন, এই নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর। এই ধারা ধরে রাখা সম্ভব হলে গণতন্ত্র উৎকর্ষের শিখরে যাবে। তিনি গণতন্ত্রকে শক্তিশালী করার এই অভিযাত্রায় একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ভোটগ্রহণ শেষ, টান টান উত্তেজনায় চলছে গণনা শিরোনাম ভোটের পরিবেশ উৎসবমুখর, গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছার আশাবাদ শিরোনাম বিএনপি জয়ের ব্যাপারে দৃঢ়ভাবে আশাবাদী তারেক রহমান শিরোনাম বড় কিছু হলে ছাড় দেব না, যা করা প্রয়োজন, তা-ই করব; ডা. শফিকুর শিরোনাম আ. লীগহীন নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর হওয়ার প্রত্যাশা শিরোনাম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও কার্যকর সংখ্যাগরিষ্ঠতা পাবে বিএনপি