20 October 2026
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 11:44 AM, 20 October 2026.
Digital Solutions Ltd

ইশরাকের পদত্যাগে জবাবদিহির কঠোর বার্তা, নাকি অতিরিক্ত শাস্তি

ইশরাকের পদত্যাগে জবাবদিহির কঠোর বার্তা, নাকি অতিরিক্ত শাস্তি

Publish : 11:44 AM, 20 October 2026.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

মন্ত্রিসভা থেকে ইশরাক হোসেনের পদত্যাগের বিষয়টি ক্ষমতাসীন বিএনপির ভেতরে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। দলের একাংশ এটিকে জবাবদিহিতা ও শৃঙ্খলার ক্ষেত্রে একটি কঠোর বার্তা হিসেবে স্বাগত জানালেও অন্য অংশ একে ‘অতিরিক্ত কঠোরতা’ দেখানো হয়েছে বলে মনে করছে।

সমর্থকরা বলছেন, এ সিদ্ধান্ত স্পষ্ট করেছে যে রাজনৈতিক পদ বা ব্যক্তিগত সম্পর্ক যা-ই হোক না কেন, জবাবদিহির ঊর্ধ্বে কেউ নন। অন্যদিকে সমালোচকদের আশঙ্কা, এই সিদ্ধান্তের ফলে মন্ত্রী ও সংসদ সদস্যরা কোনো উদ্যোগ নিতে বা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়বেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ৭ মন্ত্রী, ৮ সংসদ সদস্য এবং ১২ বিএনপি নেতার সঙ্গে আলাপে এসব প্রতিক্রিয়া সামনে এসেছে। উভয়পক্ষই মাদকের বিরুদ্ধে ইশরাকের অবস্থানকে সমর্থন করলেও সরাসরি আগ্নেয়াস্ত্র বহন করে অভিযান চালানোর বিষয়ে তাদের মধ্যে মতপার্থক্য রয়েছে।

কেউ মনে করছেন, প্রতিমন্ত্রী ও এমপি হিসেবে তাকে দাপ্তরিক সীমার মধ্যেই থাকা উচিত ছিল। আবার অনেকের মতে, নিজের ভুল সংশোধনের জন্য তাকে সুযোগ দেওয়া উচিত ছিল।

গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে ইশরাক হোসেনকে প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করতে দেখা যাওয়ার পর থেকে এ বিতর্কের সূত্রপাত। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তার আচরণ এবং এমন পরিস্থিতিতে আগ্নেয়াস্ত্র বহন কতটা আইনসম্মত—তা নিয়ে প্রশ্ন ওঠে।

রোববার রাতে সরকারের বিভিন্ন সূত্র জানায়, ইশরাককে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ইশরাক শুরুতে খবরটি 'গুজব' বলে বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডেকে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

ওই ঘটনার প্রেক্ষাপটে এক মন্ত্রী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশাসনে ব্যক্তিগত সম্পর্কের খাতিরে কাউকে কোনো বিশেষ ছাড় দেওয়া হবে না।’

এই পদত্যাগকে সরকারের অন্যান্য শীর্ষ পদধারীদের জন্য একটি সতর্কবার্তা হিসেবে উল্লেখ করে ওই মন্ত্রী আরও বলেন, ‘সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় কিংবা বিরোধীদের প্রশ্ন তোলার সুযোগ করে দেয়—এমন কোনো কিছুই প্রধানমন্ত্রী বরদাশত করবেন না।’দলের স্থায়ী কমিটির সদস্যদের একজন বলেন, জনসমক্ষে ইশরাকের পিস্তল প্রদর্শন একজন প্রতিমন্ত্রীর মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি বলেন, 'তার উদ্দেশ্য হয়তো ভালো ছিল এবং আমরা মাদকের বিরুদ্ধে তার অবস্থানকে সমর্থন করি। কিন্তু প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এভাবে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করা তার ঠিক হয়নি।' স্থায়ী কমিটির ওই সদস্য পদত্যাগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, একজন মন্ত্রীর ব্যক্তিগত কর্মকাণ্ড পুরো সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন বলেন, ইশরাকের সাম্প্রতিক কর্মপদ্ধতি নিয়ে "প্রশ্ন বা মতভেদ" থাকতে পারে, তবে এই সিদ্ধান্তের পেছনের যৌক্তিকতা নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয়।

‘সরকারের বার্তাটি বেশ স্পষ্ট। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমানের আস্থাভাজন, নিবেদিতপ্রাণ এবং জনপ্রিয় কোনো তরুণ নেতা যদি কোনো সাহসী ও জনকল্যাণমুখী উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হন, তবুও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, জাতি গঠনের পথে এগিয়ে যাওয়ার সময় সরকারের প্রতিটি স্তরে এভাবেই জবাবদিহিতা বজায় রাখা হবে।’

তবে বেশ কয়েকজন সংসদ সদস্য এবং বিএনপি নেতা মনে করেন, নিজের নির্বাচনী এলাকার মাদক সমস্যা মোকাবিলা করতে গিয়ে ইশরাক হয়তো আবেগের বশেই এমনটি করেছেন।

তাদের মতে, এমন কঠোর সিদ্ধান্ত নেওয়ার আগে তার ভালো উদ্দেশ্যটিকেও বিবেচনায় নেওয়া উচিত ছিল; বিশেষ করে আওয়ামী শাসনামলে দলের মনোবল ধরে রাখার ক্ষেত্রে তার যে ভূমিকা ছিল, সেটি বিবেচনায় রাখা দরকার ছিল।

এক সংসদ সদস্য বলেন, ‘আমার কাছে মনে হয়েছে এটি সম্ভাব্য কঠোরতম শাস্তি। যদিও এটি মন্ত্রী ও এমপিদের কাছে একটি শক্তিশালী বার্তা পৌঁছে দিয়েছে, তবে এর নেতিবাচক প্রভাবও থাকতে পারে। এখন অনেকেই স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে দ্বিধা বোধ করবেন।’

কয়েকজন সংসদ সদস্যের যুক্তি, এ ঘটনাকে দুর্নীতি, চাঁদাবাজি বা জমি দখলের মতো অপরাধের কাতারে ফেলা উচিত হয়নি। কারণ ইশরাকের মাদক নির্মূলের ঘোষণা দিয়ে এটা করছিলেন, যা বিএনপির অন্যতম অগ্রাধিকার।

বিএনপির এক নারী এমপি বলেন, ‘একটি ভুলের জন্য কারও পুরো রাজনৈতিক ক্যারিয়ার বা বছরের পর বছর ধরে তার রাখা অবদান উপেক্ষা করা ঠিক নয়। এর পরিবর্তে, ভুল সংশোধনের সুযোগ দেওয়া উচিত ছিল।’

বিএনপির বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে গভীর সম্পর্কের কথা উল্লেখ করে বেশ কয়েকজন নেতা ইশরাকের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন।

বিএনপির এক কেন্দ্রীয় নেতা বলেন, 'ইশরাক দীর্ঘদিন ধরে তৃণমূলের রাজনীতিতে সক্রিয়। বিভিন্ন রাজনৈতিক আন্দোলন ও লড়াই-সংগ্রামে তার ভূমিকা রয়েছে। এ কারণেই দলের নেতাকর্মীদের মধ্যে তার প্রতি কিছুটা সহানুভূতি কাজ করছে।'

তবে কারও কারও মতে, এই ঘটনাটি ইশরাকের জন্য একটি শিক্ষা হিসেবে কাজ করবে এবং ভবিষ্যতে তাকে আরও সতর্ক রাজনীতি করতে সাহায্য করবে।

গত আট মাসে সরকার ও ক্ষমতাসীন দলে উচ্চপর্যায়ে যে পরিবর্তন ও পদত্যাগের ঘটনা ঘটেছে, ঢাকার সাবেক মেয়র ও প্রয়াত বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ছেলে  ইশরাকের পদত্যাগ সেই তালিকার সর্বশেষ সংযোজন।

এর আগে গত ১ জুন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। আগস্টে মন্ত্রিসভার রদবদলের সময় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন পদ ছাড়েন এবং পরে তাকে মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এ ছাড়া, মিরপুরে একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় জড়িতদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় গত ১ অক্টোবর সংসদ থেকে পদত্যাগ করেন বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি।

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, পলাতক স্বৈরাচার ও টিকিট বিক্রেতারা এক হয়েছে শিরোনাম ইশরাকের পদত্যাগে জবাবদিহির কঠোর বার্তা, নাকি অতিরিক্ত শাস্তি শিরোনাম প্রধানমন্ত্রী জাপান যাচ্ছেন, ২৭ অক্টোবর তারেক-তাকাইচি দ্বিপাক্ষিক বৈঠক শিরোনাম সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ চিঠিতে কী আছে? শিরোনাম বলকান নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র: লক্ষ্য এখন উন্নয়ন নয়, নিজেদের স্বার্থ! শিরোনাম নয় মাসে ৩৯৮টি গণপিটুনির ঘটনায় ১৮৭ জন নিহত ও ৪০১ জন আহত