সিনেমা মুক্তির ১০ বছর পর ওটিটিতে আসছে শরীফুল রাজ ও নাজিফা তুষি অভিনীত প্রথম সিনেমা ’আইসক্রিম’। সিনেমাটি ২০১৬ সালের ২৯ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। রাজ ও তুষির অভিষেক হয়েছিল এই সিনেমার মাধ্যমে।
আজ সোমবার রাত ১২টায় সিনেমাটি ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পাবে।
‘আইসক্রিম’ সিনেমাটি মুক্তির সময় আবেগপ্রবণ হয়ে রাজ বলেছিলেন, ‘আমি জীবনে অনেক কষ্ট করে এই পর্যায়ে এসেছি। সিনেমাটির নির্মাতার কাছে আমি কৃতজ্ঞ।’
সিনেমার নাম ‘আইসক্রিম’ কেন? এমন প্রশ্নে সিনেমাটির গল্পকার, চিত্রনাট্যকার, সংলাপ রচয়িতা এবং নির্মাতা রেদওয়ান রনি বলেছিলেন, ‘সিনেমাটিতে আমি একটা সম্পর্কের গল্প বলতে চেয়েছি। আর সম্পর্কটা আইসক্রিমের মতো, একটা নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হয়।’
সিনেমাটির অভিনেত্রী নাজিফা তুষি বলেন, ‘সিনেমা যে একটা বড় ক্যানভাস, এসব কিছু না বুঝেই–না জেনেই সিনেমার ক্যানভাসে দাঁড়িয়ে গিয়েছিলাম। তখন আমি ইন্ডাস্ট্রির কিছুই জানি না, বুঝি না। আমার জাস্ট একটা ইচ্ছা ছিল যে আমি অভিনয় করতে চাই। আর তখন এফডিসির বাইরে অল্টারনেটিভ সিনেমা হচ্ছিল অনেক কম। আমার কাছে মনে হয়েছিল যে “আইসক্রিম” গুড ফিল্ম এবং রেদওয়ান রনি ভালো ডিরেক্টর। ওই জায়গা থেকে আমি ছোট মানুষ, আমি ভেবেছি যে সিনেমাটা করা যায়। “আইসক্রিম” করার পর আমি অনেক কিছুই বুঝেছি। খুব অবাক লাগে যে, কীভাবে কীভাবে সিনেমাটা করেছিলাম এবং তারও ১০ বছর পার হয়ে গেল।’
সিনেমাটির অভিনেতা শরিফুল রাজ বলেন, ‘১০ বছর আগের রাজ আর আজকের রাজের মধ্যে নিশ্চয়ই কিছু পরিবর্তন আছে। কিন্তু “আইসক্রিম” আমার জীবনের সেই ভিত্তি যা আমাকে আজকের এই জায়গায় আসতে সাহায্য করেছে। রিহার্সাল, ক্যামেরার পেছনের সেই নার্ভাসনেস, রেদওয়ান রনি ভাইয়ের গাইডেন্স আর শুটিং সেটের মুহূর্ত এখনো জীবন্ত। ক্যারিয়ারের শুরুতে যেই প্যাশন নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম, দর্শকেরা চরকিতে “আইসক্রিম” সিনেমার মাধ্যমে আমার শুরুর দিনগুলোকে দেখতে পাবেন। সত্যি অদ্ভুত অনুভূতি।’
সিনেমার গানগুলোতে কণ্ঠ দিয়েছেন অর্ণব, আরমিন মুসা, শারমিন সুলতানা সুমি, মিনার রহমান। সিনেমায় আরও অভিনয় করেছেন উদয়, এটিএম শামসুজ্জামান, দিতি, ওমর সানি, সায়েম সাদাত, নাদিয়া খানম।
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats