আলোচনায় কয়েকজন নেতা মত দেন, জামায়াতের কোনো নেতার বিরুদ্ধে অভিযোগ উঠলে তা সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে দ্রুত আলোচনায় আসে। তবে সরকারি দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও সেগুলো একই মাত্রায় আলোচনায় আসে না
দলীয় সংসদ সদস্যদের (এমপি) নৈতিকতা, সাংগঠনিক শৃঙ্খলা ও দায়িত্বশীল আচরণ সম্পর্কে সতর্ক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আর্থিক ও অন্যান্য প্রলোভন থেকে দূরে থেকে সংসদ ও সংসদের বাইরে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশও দিয়েছেন তিনি।
গতকাল সোমবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়–সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে দলটির নির্বাচিত ও সংরক্ষিত নারী আসনের সদস্যদের নিয়ে বৈঠক করেন শফিকুর রহমান। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত তিন ঘণ্টা ধরে চলা এই বৈঠকে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন। দলীয় সূত্র বলছে, সংসদ সদস্যদের দায়িত্ব, আচরণ ও সাংগঠনিক শৃঙ্খলা নিয়ে দিকনির্দেশনা দিতেই এই বৈঠকের আয়োজন করা হয়।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় নৈতিক মান বজায় রাখায়। বৈঠকে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের বক্তব্য ছিল—সংগঠনের আদর্শিক শিক্ষা ও মূল্যবোধ মেনে চলতে হবে। দলের গঠনতন্ত্রে বর্ণিত নীতিমালা কঠোরভাবে অনুসরণ করতে হবে। সংসদ সদস্য হওয়ার কারণে কেউ বিশেষ সুবিধা পাবেন—এমন ধারণার সুযোগ নেই। নৈতিকতার প্রশ্নে সবাইকে একই মানদণ্ডে মূল্যায়ন করা হবে। এ ছাড়া সংসদ ও সংসদের বাইরে দায়িত্বশীল ভূমিকা পালন এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেন জামায়াত আমির। পাশাপাশি আশপাশের মানুষজন ও তাঁদের কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেন।
বৈঠকে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াত নেতাদের কর্মকাণ্ড কীভাবে আলোচিত হয়, সে বিষয়ও উঠে আসে। বৈঠকে উপস্থিত একাধিক সূত্রের ভাষ্য, আলোচনায় কয়েকজন নেতা মত দেন, জামায়াতের কোনো নেতার বিরুদ্ধে অভিযোগ উঠলে তা সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে দ্রুত আলোচনায় আসে। তবে সরকারি দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও সেগুলো একই মাত্রায় আলোচনায় আসে না বলেও মত দেন তাঁরা।
এ কারণে ব্যক্তিগত আচরণ, আর্থিক লেনদেন ও সাংগঠনিক কর্মকাণ্ডে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন জামায়াত আমির। সূত্রগুলোর ভাষ্য, শফিকুর রহমানের বক্তব্য ছিল, নেতা-কর্মীদের এমন আচরণ করতে হবে, যাতে দল ও জনগণের আস্থার কোনো ক্ষতি না হয়। বৈঠকে উপস্থিত ব্যক্তিদের ভাষ্য, শফিকুর রহমান সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারী, চালক, পিয়নসহ ঘনিষ্ঠ সহযোগী হিসেবে যাঁদের নিয়োগ দেওয়া হয়েছে, তাঁদের বিস্তারিত পরিচয় কেন্দ্রীয় কার্যালয়ে পাঠাতে বলেন।
বৈঠকে সংসদ সদস্যদের কোনো বিষয়ে পর্যাপ্ত তথ্য না জেনে সংসদে, গণমাধ্যমে বা দলীয় কর্মসূচিতে বক্তব্য না দিতে বলা হয়। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে জ্ঞান বাড়ানোর পাশাপাশি সংসদীয় কার্যপ্রণালি, আইন প্রণয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা অর্জনের তাগিদ দেন শফিকুর রহমান। একই সঙ্গে জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তাঁদের সমস্যা সংসদে তুলে ধরারও নির্দেশনা দেওয়া হয়।
বৈঠকে উপস্থিত জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের একজন সদস্য মঙ্গলবার বিকেলে বলেন, বৈঠকে জনগণ ও দলের নেতা-কর্মীদের মধ্যে কার্যকর সেতুবন্ধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সংসদীয় কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি, সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন এবং জনগণের প্রত্যাশা পূরণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির।

জামায়াত নেতার বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, শিক্ষাপ্রতিষ্ঠানে ভাঙচুর-আগুন
নওগাঁর বদলগাছী উপজেলায় জামায়াতের এক নেতার বিরুদ্ধে তাঁর শিক্ষাপ্রতিষ্ঠানের এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনার জেরে মঙ্গলবার দুপুরে ওই শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন স্থানীয় লোকজন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
অভিযুক্ত জামায়াত নেতার নাম শফিউল হাসান। তিনি উপজেলার ইসমাইলপুর গ্রামের বাসিন্দা এবং পাশের জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা জামায়াতের আমির। এ ছাড়া তিনি উপজেলার একটি কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক ও কোলা ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার (কাজি) হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সোমবার সকালে বৃষ্টির কারণে স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল। তখন ভুক্তভোগী শিক্ষার্থীকে ক্লাসে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালান প্রধান শিক্ষক শফিউল হাসান। মেয়েটি কৌশলে ধাক্কা দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। বাড়িতে ফিরে মেয়েটি পরিবারের সদস্যদের কাছে ঘটনা জানায়। ওই খবর মঙ্গলবার সকালে ছড়িয়ে পড়লে এলাকার উত্তেজিত লোকজন কিন্ডারগার্টেনে হামলা করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী ছাত্রীর বাবা বলেন, ‘ঘটনাটি জানার পর হতবাক হয়েছি। প্রধান শিক্ষকের বিরুদ্ধে কঠিন শাস্তির দাবি জানাচ্ছি।’
এদিকে ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী, অভিভাবক ও শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান (ছনি) ও বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। এ সময় প্রশাসনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করা হয়।

কোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহীনুর ইসলাম বলেন, আগেও অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে নারী–সংক্রান্ত অভিযোগ উঠেছিল। শিক্ষকতা ছাড়াও শফিউল কোলা ইউনিয়নের কাজি হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর বিরুদ্ধে বাল্যবিবাহ দেওয়াসহ নানা অভিযোগ আছে। কাজি ও শিক্ষাপ্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল করে তাঁর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
ইউএনও ইশরাত জাহান প্রথম আলোকে বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অভিযুক্তের শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ ও কোলা ইউনিয়নের কাজির দায়িত্ব থেকে অব্যাহতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।
অভিযোগের বিষয়ে শফিউল আলমের মুঠোফোনে একাধিকবার কল করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। জয়পুরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এস এম রাশেদুল আলম তাঁর দলীয় পরিচয় নিশ্চিত করেছেন। তিনি বলেন, সম্প্রতি জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা চলছে। শফিউল আলম অপরাধ করলে তাঁর বিচার আইন-আদালতে হওয়া উচিত। তিনি দাবি করেন, একটি রাজনৈতিক দলের লোকজন শফিউল আলমের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। সেই টাকা না দেওয়ায় স্থানীয় লোকজনকে উসকে দিয়ে তাঁর প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়া হয়েছে।
বদলগাছী থানার ওসি মুহাম্মদ রুহুল আমিন বেলা তিনটার দিকে বলেন, ভুক্তভোগী পরিবার থানায় এসেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats