লালমনিরহাটের তিনটি আলাদা সীমান্ত এলাকা ও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্ত দিয়ে দিয়ে ৬১ জনকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক ও কঠোর তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়।
শুক্রবার ভোরে হাতীবান্ধা, পাটগ্রাম ও আদিতমারী উপজেলা সীমান্ত এলাকায় এসব ঘটনা ঘটে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের মিডিয়া সেল। বর্তমানে তারা সীমান্ত রেখায় ভারতের অভ্যন্তরে অবস্থান করছে বলে জানিয়েছে বিজিবি।
বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশ ইন প্রতিরোধে বিজিবি সর্বদা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিজিবি ও স্থানীয়রা জানান, এদিন ভোররাতে হাতীবান্ধা উপজেলার বড়খাতা বিওপির (সীমান্ত ফাঁড়ি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে ১১ জন, পাটগ্রাম উপজেলার পয়ষট্টিবাড়ী বিওপি এলাকা দিয়ে ১০ জন এবং আদিতমারী উপজেলার দুর্গাপুর দীঘলটারী সীমান্ত এলাকা দিয়ে ১২ জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে চেষ্টা চালায় বিএসএফ।
খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত সংশ্লিষ্ট সীমান্ত পয়েন্টগুলোতে অবস্থান নেয়। পরে স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় বিজিবি সীমান্তে কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করলে ‘পুশ ইনের’ চেষ্টা ব্যর্থ হয়।
বিজিবি জানায়, ‘পুশ ইনের’ চেষ্টা ব্যর্থ হওয়ার পর ওই ব্যক্তিরা আপাতত ভারতের অভ্যন্তরে শূন্যরেখায় অবস্থান করছে। উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। সেইসঙ্গে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
পাটগ্রাম উপজেলার পয়ষট্টিবাড়ী বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোর ৪টা ২০ মিনিটের দিকে সীমান্ত পিলার ৮৪৬-এর সাব-পিলার ১/২-এর মাঝামাঝি এলাকা দিয়ে ভারতের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের মহানদী ক্যাম্পের সদস্যরা ১০ জনকে জোর করে ঠেলে দেওয়ার চেষ্টা করেন।
“সীমান্তে আমাদের টহল দল সতর্ক থাকায় অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। বর্তমানে তারা শূন্য রেখা থেকে ৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন।”পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্ত এলাকায় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান মিজানুর রহমান।
এদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ঠেলে পাঠানো ২৮ জন সীমান্তের শূন্যরেখায় (নো ম্যান্স ল্যান্ড) অবস্থান করছেন। বিএসএফ তাঁদের ফেরত নেয়নি। খোলা আকাশের নিচে গতকাল বৃহস্পতিবার বিকেলে ভারী বৃষ্টিতে তাঁরা ভিজেছেন, এমনকি পর্যাপ্ত খাবারও পাচ্ছেন না।
এ তথ্য নিশ্চিত করে বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সাদ্দাম হোসেন বলেন, ২৮ জনের মধ্যে ১৩ জনের বাড়ি খুলনার কয়রায়। তাঁরা দুই বছর আগে ভারতে গিয়েছিলেন। কয়রা থেকে ইউপি চেয়ারম্যান ও সদস্যরা তাঁদের জাতীয় পরিচয়পত্র পাঠিয়েছেন। সীমান্তের শূন্যরেখার ১০০ গজ দূর থেকে তাঁদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএসএফের পক্ষ থেকে তাঁদের খাবার সরবরাহ করা হচ্ছে, তবে তা পর্যাপ্ত নয়। তাঁদের মধ্যে বয়স্ক এক নারী অসুস্থ হয়ে পড়েছেন।
এর আগে গত বুধবার দিবাগত রাত তিনটার দিকে সীমান্তের ২০৩/৬–আর পিলার–সংলগ্ন এলাকা দিয়ে ওই ২৮ জনকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানো হয়। বিএসএফের ১২ ব্যাটালিয়নের আশরাফপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাঁদের ঠেলে পাঠান। ২৮ জনের মধ্যে ১২ পুরুষ, ১০ নারী ও ৬ শিশু রয়েছে। তবে বিজিবির প্রতিরোধের মুখে তাঁরা বাংলাদেশে আসতে পারেননি। এর পর থেকেই তাঁরা নো ম্যান্স ল্যান্ডে অবস্থান করছেন।
বিজিবি ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে কোনো অগ্রগতি নেই। ওই ২৮ জন সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে অবস্থান করছেন। বর্তমানে তাঁরা সীমান্তের শূন্যরেখা থেকে নো ম্যান্স ল্যান্ডের ভারতীয় অংশের ৫০ গজ ভেতরে রয়েছেন। এর আগে গতকাল বিকেলে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই পতাকা বৈঠকে বিএসএফ ২৮ জনকে ঠেলে পাঠানোর কথা স্বীকার করে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করা হবে বলেও বিজিবিকে আশ্বস্ত করেন বিএসএফের কর্মকর্তারা। কিন্তু পরবর্তী সময় বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে আর কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
ঘটনার পর গতকাল বিকেলে বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল কামাল হোসেন সীমান্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, পুশ ইন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats