Wednesday, 25 February 2026
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 12:16 AM, 25 February 2026.
Digital Solutions Ltd

পরিবহন সেক্টরে ‘চাঁদাবাজ’ মালিক-শ্রমিক নিজেরাই

পরিবহন সেক্টরে ‘চাঁদাবাজ’ মালিক-শ্রমিক নিজেরাই

Publish : 12:16 AM, 25 February 2026.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

শ্রম মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশে সড়ক পরিবহন খাতে মালিক ও শ্রমিকদের সংগঠনের সংখ্যা ৯৩২। এসব সংগঠনের আয়ের প্রধান উৎস পরিবহন থেকে তোলা চাঁদার টাকা

পরিবহন খাতে শ্রমিক সংগঠনের নির্দিষ্ট সংখ্যা জানা গেলেও মালিক সংগঠনের সঠিক হিসাব পাওয়া যায় না। কেন্দ্রীয়ভাবে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতি পৃথক কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব সংগঠনের আওতায় আবার দেশের প্রতিটি জেলায় একাধিক সংগঠন থাকার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর বাইরে ঠেলাগাড়ি, রিকশা-ভ্যানের মতো অযান্ত্রিক ও নসিমন-করিমনের মতো স্থানীয়ভাবে তৈরি পরিবহনের জন্যও রয়েছে আলাদা আলাদা সংগঠন। শ্রম মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশে সড়ক পরিবহন খাতে মালিক ও শ্রমিকদের সংগঠনের সংখ্যা ৯৩২। এসব সংগঠনের আয়ের প্রধান উৎস পরিবহন থেকে তোলা চাঁদার টাকা। সংগঠনগুলোর দাবি, এ চাঁদা সংগঠন পরিচালনা ও পরিবহন ব্যবস্থাপনায় খরচ করা হয়। যদিও এ ধরনের ব্যয় আদায়কৃত চাঁদার তুলনায় নগণ্য বলে মনে করেন খাতসংশ্লিষ্ট অনেকে।

মালিক-শ্রমিক সংগঠন ছাড়াও রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি, সিটি করপোরেশন, পৌরসভাসহ বিভিন্ন স্থানীয় কর্তৃপক্ষ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার অনেক সদস্য, কিছু সরকারি কর্মকর্তা-কর্মচারী পরিবহন খাতের চাঁদাবাজির সঙ্গে জড়িত বলে একাধিক গবেষণা ও তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে।

দেশের পরিবহন খাতের মালিক-শ্রমিক সংগঠনগুলো সারা দেশে কী পরিমাণ টাকা আদায় করে তার সঠিক পরিসংখ্যান পাওয়া যায় না। সরকারের একটি গোয়েন্দা সংস্থার তথ্য বলছে, রাজধানী ঢাকায় এ খাতে প্রতিদিন ২ কোটি ২১ লাখ টাকা চাঁদাবাজি হয়, যার বড় অংশই তোলা হয় পরিবহন মালিক-শ্রমিক সমিতির নামে। বিভিন্ন সূত্রে জানা যায়, দেশে যত ধরনের বাণিজ্যিক পরিবহন রয়েছে, সবগুলোকেই চলতে হয় চাঁদা দিয়ে। মাঠপর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, পরিবহনভেদে দৈনিক চাঁদা আদায়ের হার ১০ টাকা থেকে কয়েক হাজার টাকা পর্যন্ত। যদিও আনুষ্ঠানিকভাবে শ্রমিক সংগঠনগুলো ৩০ টাকা ও মালিক সংগঠনগুলো ৪০ টাকা হারে চাঁদা তোলার কথা বণিক বার্তাকে জানিয়েছে এবং ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এ চাঁদাও তোলা বন্ধ রাখার দাবি করেছেন পরিবহন মালিক-শ্রমিক নেতারা।

আদায়কৃত চাঁদার টাকা পরিবহন ব্যবস্থাপনা, সংগঠন পরিচালনা ও নেতাদের সম্মানীর পেছনে ব্যয় হয় বলে পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সূত্রে জানা গেছে। তবে আদায় করা চাঁদার তুলনায় এ ব্যয়কে নগণ্য হিসেবে উল্লেখ করছেন খাতসংশ্লিষ্টরা। তারা বলছেন, আদায়কৃত চাঁদার বেশির ভাগ ব্যয়েরই দৃশ্যমান কোনো খাত নেই। এ টাকা মূলত মালিক-শ্রমিক নেতারা নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করেন এবং এ খাতের প্রভাবশালী রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিদেরও সে টাকার ভাগ দেন।

দেশের সড়ক পরিবহন শ্রমিক খাতের প্রায় সব সংগঠন পরিচালিত হয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আওতায়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা শাজাহান খান এ সংগঠনে দীর্ঘদিন একক কর্তৃত্ব ধরে রাখেন। জানা গেছে, আওয়ামী লীগের পতনের পর সংগঠনটির নিয়ন্ত্রণ নিয়েছেন বিএনপিপন্থী শ্রমিক নেতারা।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনে বর্তমানে সভাপতির দায়িত্বে রয়েছেন আব্দুর রহিম বক্স। তিনি বণিক বার্তাকে বলেন, ‘ইউনিয়ন পরিচালনার জন্য ৩০ টাকা এবং ফেডারেশনের নির্ধারিত চাঁদার হার ১০ টাকা। আমরা বাস থেকে এ টাকা তুলতে পারলেও পাঁচ বছর ধরে ট্রাক থেকে টাকা তুলতে পারছি না।’

চাঁদার এ টাকা কী কাজে ব্যয় করা হয়—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শ্রমিক নেতাদের সম্মানী আছে, সংগঠন পরিচালনার খরচ আছে। ফেডারেশন চালাতে মাসে ৮-৯ লাখ টাকা লাগে। তবে দেড় বছরের বেশি হলো ফেডারেশনের জন্য চাঁদা তোলা বন্ধ আছে। এখন বলতে গেলে আমরা ভর্তুকি দিয়ে সংগঠন পরিচালনা করছি।’

পরিবহন শ্রমিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আব্দুর রহিম বক্স বলেন, ‘আমরা সামান্য ১০ টাকা বা ৩০ টাকা চাঁদা তুলি।’ সড়কের মূল চাঁদাবাজি মালিক সমিতির নামে করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আপনারা যাকে চাঁদাবাজি বলেন, তার প্রকৃত চিত্র ভিন্ন। উদাহরণ হিসেবে বলা যায়, খুলনা থেকে কুষ্টিয়াগামী ১০০ মাইলের একটি রুটে মালিক সমিতি আপ-ডাউনে প্রায় ৩ হাজার টাকা করে নেয়। এ বিশাল অংকের টাকা মালিক সমিতি আদায় করছে, শ্রমিক ফেডারেশন নয়। শুধু খুলনা-কুষ্টিয়া না, এমন চাঁদা দেশের সবখানেই তোলা হচ্ছে।’

দেশের পরিবহন খাতের মালিকদের সবচেয়ে প্রভাবশালী সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। আওয়ামী লীগ শাসনামলে এ সংগঠনের শীর্ষ নেতা ছিলেন এনা পরিবহনের মালিক খন্দকার এনায়েত উল্লাহ। আওয়ামী লীগের পতনের পর এ সংগঠনের নেতৃত্বে এসেছেন বিএনপিপন্থী পরিবহন মালিক হিসেবে পরিচিত সাইফুল আলম। মালিক সমিতির বিরুদ্ধে সড়কে মোটা অংকের চাঁদাবাজির অভিযোগ বিষয়ে জানতে চাইলে সংগঠনটির মহাসচিব সাইফুল আলম বণিক বার্তাকে বলেন, ‘অভিযোগটি সত্য নয় এবং সড়কে চাঁদা তোলার বিষয়টি ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। টার্মিনাল ব্যবস্থাপনার জন্য পরিবহন কোম্পানিগুলোকে কিছু অর্থ ব্যয় করতে হয়। আবার প্রতিটি কোম্পানি পরিচালনার কিছু খরচ রয়েছে। অফিস স্টাফ, ওয়ে বিল, টিকেটিং, কাউন্টার মাস্টার, সিরিয়াল ম্যান, গাড়ি রক্ষণাবেক্ষণ কর্মীসহ বিভিন্ন খাতে খরচ হয়। এ খরচের টাকা পরিবহন থেকে তোলা হয়। কোম্পানি ও পরিবহন মালিকরা পারস্পরিক চুক্তির মাধ্যমে খরচের এ টাকা ব্যয় করেন। এটা কোনোভাবেই চাঁদাবাজি নয়।’

 দূরপাল্লার পরিবহনের ক্ষেত্রে ‘স্টার্টিং’ ও ‘এন্ডিং’ পয়েন্ট ছাড়া আর কোথাও মালিক সমিতির নামে টাকা তোলা হয় না দাবি করে তিনি বলেন, ‘একটা ইন্ডাস্ট্রি চালাতে তো খরচ আছে। আমরা এ খরচের টাকাটা গাড়ি থেকে সংগ্রহ করি।’

চব্বিশের ৫ আগস্টের পর থেকে মালিক সমিতির নামে সব ধরনের চাঁদা আদায় বন্ধ রয়েছে জানিয়ে সাইফুল আলম বলেন, ‘অতীতে সমিতির নামে ইচ্ছামতো চাঁদাবাজি করা হয়েছে। ৫ আগস্টের পর আমরা সব বন্ধ করে দিয়েছি। এখন দেশে নির্বাচিত সরকার এসেছে। তাই আমরা আলোচনা করে সমিতির জন্য চাঁদার একটি নির্দিষ্ট হার ঠিক করে দিতে চাই।’

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণায় উঠে এসেছে, শুধু ব্যক্তিমালিকানাধীন বাস ও মিনিবাস থেকে বছরে ১ হাজার ৫৯ কোটি টাকা চাঁদা তোলা হয়। এ চাঁদার একটি অংশ আদায় করেন মালিক-শ্রমিকরা।

পরিবহন মালিকদের আরেকটি শীর্ষ সংগঠন বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। যশোর ও সাতক্ষীরা ছাড়া এ সংগঠনের জেলাভিত্তিক আর কোনো শাখা নেই। বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন কোনো পরিবহন থেকে টাকা বা চাঁদা তোলে না বলে দাবি করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক ও শ্যামলী এন আর ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক শুভঙ্কর ঘোষ রাকেশ।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি চাঁদা তোলা বন্ধ রেখেছে, বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন পরিবহন থেকে কোনো টাকাই তোলে না, তাহলে সড়কে কারা টাকা তুলছে—এমন প্রশ্নের জবাবে শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, ‘শ্রমিক ফেডারেশন বা মালিক সমিতি নয়; পরিবহন থেকে টাকা তুলছে ভুঁইফোঁড় কিছু সংগঠন। এসব সংগঠনের বৈধ কোনো কাগজপত্র নেই। কিন্তু তারা খুব ক্ষমতাবান। আমি আজকেই (গতকাল মঙ্গলবার) দেখলাম, গাবতলীতে দারুস সালাম মোড়ে ছোট গাড়ি থেকে হঠাৎ করে এক ব্যক্তি এসে টাকা নিয়ে গেল। সে কী বা কার নিয়োগকৃত তা আমরা কিছুই জানি না। সারা দেশেই এ রকম ব্যক্তিরা পরিবহন থেকে টাকা তুলছে। আমরা সাধারণ মালিকরা এ ধরনের ঘটনার সবচেয়ে বড় ভুক্তভোগী।’

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলে দেশের সড়ক পরিবহন খাতের অন্যতম প্রভাবশালী ব্যক্তি ছিলেন সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, আওয়ামী লীগ নেতা খন্দকার এনায়েত উল্লাহ ও জাতীয় পার্টির নেতা মশিউর রহমান রাঙ্গা। আওয়ামী লীগের পতনের পর পরিবহন খাতে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের প্রভাব দেখা যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পরিবহন খাতে চাঁদাবাজির বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে শিমুল বিশ্বাস বণিক বার্তাকে বলেন, ‘আমি প্রায় চার দশক ধরে পরিবহন নিয়ে কাজ করছি। এ খাতে সবচেয়ে বড় সমস্যা হলো অবৈধ চাঁদাবাজি। এ চাঁদাবাজি মালিক-শ্রমিকরা করেন না; এ চাঁদা তোলেন প্রভাবশালী ব্যক্তিরা।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ ছোট্ট দেশ, বিরাট জনসংখ্যা। এখানে পরিবহনের বিশৃঙ্খলা আমাদের সবাইকে কষ্ট দেয়। এটা জাতীয় সমস্যা, আমাদের সবাইকে মিলে যার সমাধান করতে হবে। বাংলাদেশের পরিবহন সেক্টরকে আরো জনবান্ধব করতে হবে। এখানে কোনো রকম বিশৃঙ্খলা, জনদুর্ভোগ যেন না থাকে সেজন্য কাজ করতে হবে। আর চাঁদাবাজির বিষয়টা তো আমরা ৫ আগস্টের (২০২৪) পর অফিশিয়ালি বন্ধ রেখেছি। এখন যেগুলো হয়, সেটা আমার নলেজের (জানার) বাইরে। আমি এগুলোর ঘোর বিরোধী।’

খবর: বণিক বার্তা

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম পিলখানায় শহীদ সেনাকর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শিরোনাম মব ভায়োলেন্সের দায় অধ্যাপক ইউনূস নেবেন না কেন? শিরোনাম এপস্টেইন কাণ্ডে নিজের দায় স্বীকার করলেন বিল গেটস শিরোনাম ডিজিএফআই-এর নতুন মহাপরিচালক কায়ছার রশীদ চৌধুরী শিরোনাম অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলোর কি ‘মৃত্যু’ আসন্ন? শিরোনাম রাশমিকা-বিজয়ের বিয়ে কাল, আনুষ্ঠানিকতা লাখো রুপির স্যুটে