Sunday, 08 February 2026
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 10:23 PM, 07 February 2026.
Digital Solutions Ltd

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান

সেনাবাহিনীকে কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেয়া হবে না

সেনাবাহিনীকে কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেয়া হবে না

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের গতকাল সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান |

Publish : 10:23 PM, 07 February 2026.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব পেলে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ‘বিডিআর’নাম পুনর্বহাল করতে চাই

বিএনপি ক্ষমতায় গেলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আগের নাম আবার বাংলাদেশ রাইফেলস (বিডিআর) পুনর্বহাল করার ইচ্ছা প্রকাশ করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। গতকাল রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও পিলখানায় নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ প্রতিশ্রুতি দেন।

তারেক রহমান বলেন, ‘২০০৯ সালে বিডিআর পিলখানায় সেনা হত্যাযজ্ঞের পর পতিত, পরাজিত, পলাতক, বিতাড়িত ও ফ্যাসিস্ট অপশক্তি মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বিডিআরের নাম পরিবর্তন করে দিয়েছিল। এমনকি তাদের ইউনিফর্ম পর্যন্ত পরিবর্তন করে ফেলা হয়েছে। জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বিডিআরের নাম পুনর্বহাল করতে চাই। ভবিষ্যতে যেন কখনই এ ধরনের ঘটনা না ঘটে, সেই লক্ষ্যে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে পিলখানার সেনা হত্যার দিনটিকে “‍শহীদ সেনা দিবস” অথবা “‍সেনা হত্যাযজ্ঞ দিবস” অথবা “‍জাতীয় শোক দিবস” হিসেবে ঘোষণা করার পরিকল্পনা আমাদের রয়েছে।’

 তারেক রহমান বলেন, ‘আপনারা যারা সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা, আপনাদের সঙ্গে মতবিনিময় সভা করার আগেই সাবেক কয়েকজন সিনিয়র কর্মকর্তা সদস্যদের কল্যাণে বেশ কয়েকটি সুপারিশ উপস্থাপন করেছেন। জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন, সেনা আইনের কিছু বিধিমালার পরিমার্জন কিংবা সংস্কারসহ এসব সুপারিশ অবশ্যই গুরুত্বপূর্ণ বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আপনাদের এসব সুপারিশ বাস্তবায়নের জন্য সেনাবাহিনীর সাবেক ও বর্তমান কর্মকর্তাদের সমন্বয়ে আমরা একটি কমিটি গঠনের পরিকল্পনা করেছি। এ কমিটির সুপারিশ অনুযায়ী দাবি-দাওয়াগুলো পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিটি সুপারিশ পর্যায়ক্রমে আমাদের বাস্তবায়নের ইচ্ছা আছে।’

তিনি বলেন, ‘সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ও সদস্যদের একটি দাবি ছিল “ওয়ান র‌্যাংক ওয়ান পে’। আমি আপনাদের অত্যন্ত আনন্দের সঙ্গে জানাতে চাই যে এরই মধ্যে আমরা আমাদের দলীয় ম্যানিফেস্টোতে বিষয়টি অন্তর্ভুক্ত করে নিয়েছি এবং বাস্তবায়নের ঘোষণা এরই মধ্যে জাতির সামনে উপস্থাপন করেছি। বিএনপি সরকার গঠন করলে এটি আমরা যত দ্রুততার সঙ্গে সম্ভব বাস্তবায়ন করব।’

সেনাবাহিনীর সঙ্গে ‘আত্মিক সম্পর্কের’ কথা তুলে বলেন, ‘আপনাদের সঙ্গে মতবিনিময় সভায় আমি এবং আমার স্ত্রী সত্যিকার অর্থেই কিছুটা স্মৃতিকাতর হয়ে পড়ি বা পড়ছি। বরাবরই সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীকে আমার কাছে আমার একটি বৃহত্তর পরিবার বলেই মনে হয় বা আমরা মনে করি। এর কারণ হয়তো সেনানিবাসে আমার এবং আমার পরিবারের বেড়ে ওঠা। অনেক ছোটবেলায় বাবাকে হারিয়েছি আমরা। তবে বড় হয়ে দেখেছি সেনাবাহিনীর প্রতি আমার মা মরহুমা খালেদা জিয়ারও এক ধরনের নির্ভরতা ছিল, সম্মান ছিল। আমার মা সবসময় মনে করতেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য বাংলাদেশের অবশ্যই একটি শক্তিশালী সেনাবাহিনী থাকা দরকার।’

তারেক রহমান বলেন, ‘সেনাবাহিনীর হারানো গৌরব ফিরিয়ে দেয়া হবে, আমি এ ধরনের কথা বলতে চাই না। বরং গৌরব ফিরিয়ে দেয়া যায় না, গৌরব অর্জনের বিষয়, গৌরব ধারণ করার বিষয়। সেনাবাহিনীর গৌরব সেনাবাহিনীকে রক্ষা করতে হবে। সেনাবাহিনীর নিজেদের সম্মান ও মর্যাদা সম্পর্কে নিজেদের সতর্ক ও সচেতন থাকতে হবে।’ তিনি বলেন, ‘জনগণের রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে সেনাবাহিনীকে অবশ্যই কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেয়া হবে না। সেনাবাহিনীর গৌরব ভূলুণ্ঠিত হয়, এমন কিছু বিএনপি অতীতেও করেনি, বর্তমানেও না এবং ইনশা আল্লাহ ভবিষ্যতেও বিএনপি করবে না। কারণ বিএনপি সবসময় বাংলাদেশের পক্ষের দল। বিএনপি সবসময় বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষের শক্তি। রাজনৈতিক দল হিসেবে বিএনপি রাজনীতির মাঠে শক্তিশালী থাকলে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব শক্তিশালী থাকে।’

তিনি বলেন, ‘সেনাবাহিনীর গৌরব ও মর্যাদাও ইনশা আল্লাহ অক্ষুণ্ন থাকবে। সেনাবাহিনী অবশ্যই রাজনীতি সম্পর্কে সচেতন থাকবে। তবে রাজনীতিতে বিলীন হয়ে যাওয়া অবশ্যই উচিত হবে না। রাজনীতির চাদরে যেন পেশাদারত্ব আচ্ছাদিত হয়ে না যায়, এ ব্যাপারে সেনাবাহিনীর প্রতিটি কর্মকর্তা ও সদস্যকে অবশ্যই অত্যন্ত সচেতন থাকা জরুরি।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর। এর আগে অনুষ্ঠানস্থলে প্রবেশ করে তারেক রহমান হেঁটে হেঁটে সব অবসরপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কুশল বিনিময় করেন।

অনুষ্ঠানে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পরে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সঙ্গে নৈশভোজে যোগ দেন তারেক রহমান। এদিন তারেক রহমান ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন।

ঠাকুরগাঁও: গতকাল দুপুর পৌনে ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে (বড় মাঠ) জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় তারেক রহমান বলেন, ‘ক্ষমতায় গেলে এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে ধর্মের ভিত্তিতে কেউ বৈষম্যের শিকার হবে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সব ধর্মের নাগরিক মেধা ও যোগ্যতার ভিত্তিতে সমান সুযোগ পাবে। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে খেটে খাওয়া মানুষ, ব্যবসায়ী ও নারীরা নিরাপদে চলাচল ও জীবনযাপন করতে পারবেন।’

তিনি বলেন, ‘এক যুগ ধরে বাংলাদেশের মানুষ তাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারেনি। তারা কথা বলার স্বাধীনতা পায়নি। একইভাবে বাংলাদেশের মানুষ তাদের অর্থনৈতিক অধিকার থেকে অনেকটা পিছিয়ে গেছে। মানুষ বিগত সরকারের আমলে জীবন দিয়েছেন, অত্যাচারিত-নির্যাতিত হয়েছেন। তাদের এ আত্মত্যাগ বৃথা যেতে দেয়া যাবে না। এবারের নির্বাচন শুধু প্রতিনিধি নির্বাচন করার জন্য নয়, এটি হবে দেশকে পুনর্গঠনের নির্বাচন।’

কৃষিপ্রধান উত্তরাঞ্চলের জন্য নিজের প্রতিশ্রুতি ও পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, ‘কৃষকদের ঋণের বোঝা লাঘবে কৃষি ঋণ মওকুফের উদ্যোগ নেয়া হবে। ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর অঞ্চলের কৃষিপণ্য সংরক্ষণের জন্য প্রয়োজন অনুযায়ী হিমাগার (কোল্ড স্টোরেজ) নির্মাণ করা হবে। এছাড়া বন্ধ হয়ে যাওয়া চিনিকল, রেশম কারখানা ও চা শিল্প পুনরায় চালুর উদ্যোগ নেয়া হবে।’

এছাড়া এলাকায় মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় ও ক্যাডেট কলেজ স্থাপনের জনদাবি বাস্তবায়নের আশ্বাস দেন বিএনপি চেয়ারম্যান। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা স্থানীয় বিমানবন্দরটি দ্রুত চালুর ঘোষণাও দেন তিনি।

নীলফামারী: গতকাল দুপুরে নীলফামারী শহরের বড় মাঠে নির্বাচনী জনসভায় তারেক রহমান বলেন, ‘আগামী নির্বাচনে শুধু ভোট দিলেই চলবে না। এ নির্বাচনকে দেশ গঠনের নির্বাচন হিসেবে চিন্তা করতে হবে।‘ তিনি জানান, নীলফামারীতে ইপিজেড আছে। এ ইপিজেডকে আরো বড় করা হবে। আরো কলকারখানা গড়ে তোলা হবে। এলাকায় বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে। হয় তারা বিদেশে যাবেন অথবা দেশে ব্যবসা-বাণিজ্য করবেন।

তারেক রহমান বলেন, ‘প্রতিটি পরিবারের নারীদের আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই। এ অঞ্চলের মানুষ কৃষিনির্ভর। আমরা কৃষকদের মধ্যে কৃষক কার্ড দিতে চাই, যার মাধ্যমে তারা সার, বীজ, কীটনাশক পাবেন।’

বিএনপি সরকার গঠন করলে দ্রুততম সময়ের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নেরও প্রতিশ্রুতি দেন তারেক রহমান। তিনি বলেন, ‘নীলফামারী, রংপুর, দিনাজপুরসহ এলাকার মানুষের প্রাণের দাবি হলো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। বিএনপি সরকার গঠন করলে অন্যতম কাজ হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা।’

বিএনপি চেয়ারম্যান বলেন, ‘সৈয়দপুর-কিশোরগঞ্জ উপজেলাকে শিল্প অঞ্চল হিসেবে গড়ে তুলতে চাই। এ এলাকার মানুষ কৃষিনির্ভর। আমরা কৃষির ওপর নির্ভর করে থাকতে চাই না। সৈয়দপুরে এয়ারপোর্ট আছে। এ এয়ারপোর্টকে আমরা ধীরে ধীরে আন্তর্জাতিক এয়ারপোর্ট হিসেবে রূপান্তর করতে চাই।’

জামায়াতকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, ‘একটি দলকে আমরা খেয়াল করছি, আমাদের সমাজের বিভিন্ন মানুষকে ভয় দেখাচ্ছে। বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, বাংলাদেশের কোনো ভোটারকে যারা ভয় দেখাবে, যারা বিভ্রান্ত করার চেষ্টা করবে, কারো সঙ্গে যদি কোনো অন্যায় হয়ে থাকে, আমরা অন্যায়কারীর বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

দিনাজপুর: গতকাল বিকালে দিনাজপুরের বিরামপুর উপজেলার সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় তারেক রহমান বলেন, ‘বহুদিন পর আমি আমার নানিবাড়ির দেশ দিনাজপুরে এসেছি। সমবেত জনতাকে উদ্দেশ করে তিনি জানতে চান, ‘এতদিন পর নানির বাড়ি এসেছি, আপনারা আমাকে কী দেবেন?’ এ সময় জনতা সমস্বরে জবাব দেন, ‘ধানের শীষে ভোট’।

তারেক রহমান বলেন, ‘আমার নানিবাড়ি ও মায়ের বাড়ি দিনাজপুর। এ জেলার প্রধান ফসল ধান। তাই আগামী নির্বাচনে এ ধানের শীষের পক্ষেই ভোট দিয়ে প্রার্থীদের বিজয়ী করার দাবি জানাই।’

তিনি বলেন, ‘কৃষিভিত্তিক এ দিনাজপুর জেলার লিচু ও কাটারীভোগ চাল বিখ্যাত। নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে এ জেলার লিচু প্রক্রিয়াজাতের ব্যবস্থা নেয়া হবে। এসব পণ্য সংরক্ষণ ও রফতানি করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

দুইদিনে ঢাকায় ১৪ জনসভা তারেক রহমানের: ঢাকা সিটির উত্তর ও দক্ষিণে দুইদিনে আজ ও আগামীকাল মোট ১৪টি জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গতকাল দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম সেনাবাহিনীতে খুন-গুমের সংস্কৃতি তুলে ধরলেন জেনারেল ইকবাল করিম শিরোনাম নির্বাচনে দল ও জোটে অসুস্থ প্রতিযোগিতা ও সহিংসতা ক্রমেই বাড়ছে শিরোনাম জয়ী হলে নাহিদকে একজন মন্ত্রী করা হবে: জামায়াত আমির শিরোনাম সুন্দর রাজধানী গড়ে তোলার অঙ্গিকার তারেক রহমানের শিরোনাম রাজনীতিতে নারীর নিরাপত্তায় দলগুলোকে দায়িত্ব নিতে হবে: জাইমা রহমান শিরোনাম চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না, আন্দোলনে পিছু হটল সরকার