সময়ের সাথে সাথে বিপদ আরও ঘনীভূত হচ্ছে বৃটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের। এবার দেশটির স্থানীয় সরকার, ধর্ম ও কমিউনিটি বিষয়ক মন্ত্রী মাইতা ফাহনবুল্লেহ পদত্যাগ করেছেন। পদত্যাগের পাশাপাশি স্টারমারকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্টারমারকে তার পদ থেকে সরে যাওয়ার সময়সূচি নির্ধারণের আহ্বান জানিয়ে মাইতা ফাহনবুল্লেহ বলেন, জনগণ বিশ্বাস করে না যে, আপনি এই পরিবর্তনের নেতৃত্ব দিতে পারবেন, আমিও করি না। বিবিসির প্রতিবেদনে বলা হয়, বৃটেনের বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারের আমলে মাইতা ফাহনবুল্লেহ প্রথম সরকারি মন্ত্রী, যিনি পদত্যাগ করলেন।
দেশটিতে সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবির পর স্টারমারের পদত্যাগের জন্য চাপ দিচ্ছেন তার দলের নেতারাই। এতে স্টারমার রাজনৈতিকভাবে ব্যাপক সংকটে আছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত স্টারমারকে লেখা চিঠিতে মাইতা ফাহনবুল্লেহ বলেন, জনগণ আমাদের যে পরিবর্তনের ম্যান্ডেট দিয়েছে, সেই অনুযায়ী প্রয়োজনীয় দৃষ্টিভঙ্গি, গতি ও উচ্চাকাঙ্ক্ষা নিয়ে আমরা কাজ করতে পারিনি।
তিনি আরও বলেছেন, আমরা এমনভাবে সরকার পরিচালনাও করতে পারিনি, যাতে লেবার পার্টির মূল্যবোধ ও দৃঢ় অবস্থান স্পষ্টভাবে প্রতিফলিত হয়। এর আগে লেবার পার্টির আরও ৭৮ জন এমপি কিয়ার স্টারমারকে দ্রুত পদত্যাগের বা সরে যাওয়ার সময়সূচি নির্ধারণের আহ্বান জানিয়েছেন। তবে এতকিছুর পরেও পদ থেকে সরতে রাজি নন কিয়ার স্টারমার। তিনি ইতিমধ্যে তার মন্ত্রিসভাকে বলেছেন, তিনি শাসনকার্য চালিয়ে যাবেন।
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats