টরন্টোয় মতবিনিময় সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন সিলেটের বিএনপি দলীয় এমপি প্রার্থী ও নেতারা।
টরন্টোয় ধানের শীষ সমর্থক ফোরামের মতবিনিময়ে সিলেটের বিএনপিদলীয় এমপি প্রার্থীদের আহ্বান
সিলেটের ৫টি সংসদীয় আসনে বিএনপিদলীয় সংসদ সদস্য প্রার্থীরা বলেছেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সকল ষড়যন্ত্র ও চক্রান্ত প্রতিহত করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দেশ-বিদেশে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্র ও ভোটাধিকার গভীর সংকটে রয়েছে। স্বাধীনতাবিরোধী একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তি সৃষ্টি করে ভোটের মাঠে অবৈধ প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এসব অপচেষ্টা রুখে দিতে জনগণকে সজাগ ও সচেতন থাকতে হবে।
আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কানাডার টরন্টোয় ধানের শীষ সমর্থক ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে সিলেটের এমপি প্রার্থীগণ ও বিএনপি নেতারা এসব কথা বলেন।

প্রবীণ বিএনপি নেতা ও বাংলাদেশ এসোসিয়েশন অব টরন্টোর সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার রেজানুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অংশ নেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে বিএনপির নির্বাচন সমন্বয়ক মো. আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট-১ আসনে বিএনপি মনোনিত প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির, সিলেট-২ আসনের প্রার্থী তাহসীনা রুশদীর লুনা, সিলেট-৩ এর প্রার্থী এম এ মালেক, সিলেট-৪ আসনের প্রার্থী আরিফুল হক চৌধুরী, সিলেট-৬ আসনের প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
সভায় সংসদ সদস্য প্রার্থীরা বলেন, প্রবাসে থেকেও আপনারা দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সোচ্চার—তা আমাদের জন্য এক বিশাল প্রেরণা। বিশেষ করে সিলেট অঞ্চলের মানুষ ও প্রবাসীদের সঙ্গে আমাদের আবেগ, সম্পর্ক ও দায়বদ্ধতা ঐতিহাসিক। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দেশ আজ গভীর সংকটে। গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও ভোটাধিকার কার্যত হরণ করা হয়েছে। বিএনপি বিশ্বাস করে—এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা।

আমরা নির্বাচিত হলে সিলেট অঞ্চলের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব। তারা বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ, কৃষি ও অবকাঠামো উন্নয়নে বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ করা হবে। প্রবাসীদের বিনিয়োগ ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সিলেটকে একটি আধুনিক ও সম্ভাবনাময় অঞ্চলে রূপান্তর করার পরিকল্পনা আমাদের রয়েছে। আমরা বিশ্বাস করি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে দেশে আইনের শাসন, ন্যায়বিচার ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে।
আজকের এই সভা শুধু একটি মতবিনিময় নয়—এটি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণের একটি শক্ত বার্তা। আপনাদের নৈতিক সমর্থন, দোয়া ও ঐক্য আমাদের পথচলার শক্তি। অনুষ্ঠানে প্রবাসীদের জমিজমা-বাসাবাড়িসহ বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতা করতে ব্যক্তিগত উদ্যোগে একটি আইনী সেল গঠনের ঘোষণা দেন সিলেট-৬ আসনের প্রার্থী এড. এমরান আহমদ চৌধুরী।

ধানের শীষ সমর্থক ফোরাম, টরন্টো, কানাডাকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করা আমাদের দায়িত্ব বলে মনে করছি। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, নির্বাচনে বিএনপির প্রতিপক্ষ জামায়াতে ইসলামী বিভিন্ন অনিয়মতান্ত্রিক ও কৌশলী পদ্ধতি অবলম্বন করে ভোটের মাঠে অবৈধ প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তারা বিভ্রান্তি ছড়ানো, গোপন তৎপরতা ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপির বিরুদ্ধে গভীর চক্রান্তে লিপ্ত। ইতিহাস সাক্ষ্য দেয়—এই শক্তিগুলো মহান মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার আদর্শের বিরোধী। গণতন্ত্র ও জনগণের ভোটাধিকারের প্রশ্নে এদের অবস্থান বরাবরই প্রশ্নবিদ্ধ। এই প্রেক্ষাপটে আমরা সবাইকে—দেশে ও প্রবাসে—সর্বোচ্চ সজাগ ও সচেতন থাকার আহ্বান জানাই। কোনো অপপ্রচার, বিভ্রান্তিকর বক্তব্য বা কৌশলী ফাঁদে পা না দিয়ে সত্য ও গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিএনপি জনগণের দল। আমরা বিশ্বাস করি, জনগণের শক্তির কাছে সকল ষড়যন্ত্র ব্যর্থ হবে। ধানের শীষের বিজয়ের মাধ্যমেই দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠিত হবে। আসুন, জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে সকল অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়াই।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, সকল প্রবাসী ভাই ও বোনদের প্রতি আমাদের আন্তরিক আহ্বান—আপনারা নিজ নিজ আত্মীয়স্বজন, বন্ধু ও পরিচিতজনদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করুন। ফোন করে, বার্তা পাঠিয়ে এবং সরাসরি কথা বলে আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট প্রদানের জন্য অনুরোধ জানান।
গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার পুনরুদ্ধারে প্রবাসীদের এই ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার একটি ফোন কল, একটি অনুরোধই পারে পরিবর্তনের পথকে আরও শক্তিশালী করতে। আসুন, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলি। সভা শেষে নেতৃবৃন্দ দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের ঐক্যবদ্ধ শক্তির কাছে সকল চক্রান্ত ব্যর্থ হবে এবং ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে।
মতবিনিময় সভার অন্যতম আয়োজক বিএনপি নেতা, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মিসবাহুল কাদির ফাহিম ও বিএনপি নেতা, জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর সভাপতি মাহবুব চৌধুরী রনির সমন্বয় ও সঞ্চালনায় সিলেট থেকে অংশ নেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুল হক চৌধুরী, বিএনপি নেতা আব্দুল আহাদ খান জামাল, আব্দুল কাদির সমছু।

টরন্টো সিটি বিএনপির সভাপতি মঈন চৌধুরীর প্রারম্ভিক বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা ও জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি ছাদ চৌধুরী, সিলাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন, শাহজাহান সেলিম বুলবুল, মুহিবুল ইসলাম ইমন, আবু আহমদ আনসারী, আবু জহির সাকিব, এম এ আজিজ, ইমন চৌধুরী, বেলাল চৌধুরী, তানভীর চৌধুরী, সেলিম উদ্দিন, সুরমান খান, মাহবুব চৌধুরী, তাসলিম চৌধুরী, ইয়াসিন আহমদ, সাহেদ আহমদ, সনজিব রায়, বাপ্পি চৌধুরী, নাঈম চৌধুরী, নাহিদ আহমদ, ইমন চৌধুরী (২), আজাদ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মহফিলে সভাপতিত্ব করেন ছাদ চৌধুরী। দোয়া পরিচালনা করেন মিসবাহুল কাদির ফাহিম।
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats