Thursday, 11 June 2026
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 08:39 AM, 10 June 2026.
Digital Solutions Ltd

সংসদে প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগে ১.৫ শতাংশ ইনসেনটিভ, মেগা কর্মপরিকল্পনা হচ্ছে

বিদেশি বিনিয়োগে ১.৫ শতাংশ ইনসেনটিভ, মেগা কর্মপরিকল্পনা হচ্ছে

Publish : 08:39 AM, 10 June 2026.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

 প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রবাসী বাংলাদেশি বা কোনও বিদেশি নাগরিক যদি দেশে বিনিয়োগ নিয়ে আসেন, তাহলে তাকে ওই বিনিয়োগের ১ দশমিক ৫ শতাংশ ইনসেনটিভ বা কমিশন দেওয়া হবে। পাশাপাশি প্রকৃত ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য ৯ শতাংশ সুদে ৬ হাজার কোটি টাকার একটি তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১০ জুন) বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের চতুর্থ দিন সংসদ সদস্যদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা শুধু বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে চাইছি তা নয়, দেশিয় বিনিয়োগকারীদেরও উৎসাহিত করতে চাইছি। এ জন্য আমরা ডিরেগুলেশন (নিয়ন্ত্রণমুক্তকরণ) পদ্ধতির মাধ্যমে কাজ বাস্তবায়ন করতে যাচ্ছি।’

বিনিয়োগ বাড়াতে ব্যাংক ঋণের সুদের হার কমানো হবে কি না—এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘অর্থনীতির বিভিন্ন সমীকরণ আছে। এসব বিষয় পর্যালোচনা করা হচ্ছে। সুদের হার কমালে যদি দেখা যায় যে এটি বিনিয়োগ বৃদ্ধিতে সাহায্য করবে এবং দেশের অর্থনীতি লাভবান হবে, তবে সরকার নিশ্চয়ই সেটি গ্রহণ করবে। তবে এখনো এ ব্যাপারে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি।’

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম সাবিকুন্ নাহারের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘স্বৈরাচারের সময় এই দেশে কী হয়েছে তা সবাই জানেন। অর্থনীতি এমন একটি বিষয়, যার ফল একদিনে পাওয়া যায় না। খারাপ পলিসির প্রভাব যেমন ধীরে ধীরে আমাদের কাঁধে এসে পড়েছে, ঠিক একইভাবে বর্তমান সরকারের নেওয়া ইতিবাচক পদক্ষেপগুলোর সুফল পেতেও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।’

এ সময় প্রধানমন্ত্রী সংসদকে জানান, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে ৬ হাজার কোটি টাকার একটি তহবিল গঠন করেছে। যেসব শিল্পপ্রতিষ্ঠান বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হয়েছে, কিন্তু সত্যিকার অর্থে যাদের ক্রেডিবিলিটি বা গ্রহণযোগ্যতা রয়েছে, তাদের এই তহবিল থেকে ৯ শতাংশ সুদে ঋণ সহযোগিতা দেওয়া হবে।

সংসদ সদস্য বেগম জহরত আবির আদিব চৌধুরীর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের মুনাফা নিজ দেশে ফিরিয়ে নেওয়ার (প্রফিট রিপ্যাট্রিয়েশন) ক্ষেত্রে বিদ্যমান বাধা আইনের মাধ্যমে সমাধানের কথা জানান।

বিদেশি বিনিয়োগ বাড়াতে কনসালটেটিভ কাউন্সিল গঠন সংক্রান্ত এক প্রস্তাবের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘সম্প্রতি অনুষ্ঠিত একটি বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, বিদেশ থেকে কোনও বাংলাদেশি বা বিদেশি নাগরিক যদি দেশে ইনভেস্টমেন্ট (বিনিয়োগ) নিয়ে আসতে পারেন, তবে আমরা তাদের নিয়ে আসা মোট বিনিয়োগের ১.৫ শতাংশ ইনসেনটিভ বা কমিশন হিসেবে দেব। এর ফলে বিদেশে বসবাসকারী আমাদের মেধাবী ও যোগ্য ডায়াসপোরা বা প্রবাসীরা বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সক্ষম হবেন। এর মাধ্যমেই দেশে বৈদেশিক বিনিয়োগের পরিমাণ বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছি আমরা।’

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বছরের মেগা কর্মপরিকল্পনা

সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কর্মসূচিগুলো বাস্তবায়নে সব মন্ত্রণালয় ও বিভাগ ১৮০ দিন, ২০২৬-২৭ অর্থবছর এবং আগামী ৫ বছরের জন্য মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে। এসব কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১০ জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনের চতুর্থ দিনে পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের করা লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

সংসদে দেওয়া লিখিত উত্তরে প্রধানমন্ত্রী জানান, সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে ইতোমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে গ্রহণ করা হয়েছে।

ফ্যামিলি কার্ড কৃষক কার্ড

'ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক'- এ দর্শনে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষায় নারীপ্রধান পরিবারকে 'ফ্যামিলি কার্ড'-এর মাধ্যমে মাসিক আড়াই হাজার টাকা দেওয়া শুরু হয়েছে। পাইলটিং পর্যায়ে এ পর্যন্ত ৩৬টি ইউনিটের ৬০ হাজার ৪৪টি পরিবারকে এ কার্ড দেওয়া হয়েছে।

কৃষকের ইউনিক পরিচয় নিশ্চিতকরণ ও ন্যায্যমূল্যে উপকরণ পেতে গত ১ বৈশাখ (১৪ এপ্রিল ২০২৬) থেকে 'কৃষক কার্ড' বিতরণ শুরু হয়েছে। এ পর্যন্ত ২০ হাজার ৭৪৮ জনকে এ কার্ড দেওয়া হয়েছে। এছাড়া শস্য, ফসল, পশুপালন ও মৎস্য খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এ লক্ষ্যে বাজেটে ১ হাজার ৫৬৭ কোটি ৯৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যার ফলে সারা দেশের প্রায় ১৩ লাখ ১৭ হাজার ৫০০ জন কৃষক উপকৃত হবেন।

ই-হেলথ কার্ড সম্মানী ভাতা

১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির আওতায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ৪ হাজার ৯০৮টি মসজিদ, ৯৯০টি মন্দির, ১৪৪টি বৌদ্ধ বিহার/প্যাগোডা এবং ৩৯৬টি গির্জায় কর্মরত ব্যক্তিবর্গকে মাসিক সম্মানী ভাতা দিচ্ছে।

পাশাপাশি জনগণকে 'ই-হেলথ কার্ড' প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। ১৮০ দিনের মধ্যে ৫টি জেলায় (খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী) ই-হেলথ কার্ডের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান শুরু হবে। এটি ইলেকট্রনিক পেশেন্ট রেফারেল ও ম্যানেজমেন্ট সিস্টেমের সঙ্গে যুক্ত থাকবে।

কর্মসংস্থান শিক্ষাখাত

সরকার ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে শুধু জনপ্রশাসন মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরে শূন্য পদের বিপরীতে ২ হাজার ৮৭৯ জন লোক নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।

আগামী অর্থবছরে প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ এবং পর্যায়ক্রমে 'ওয়ান টিচার ওয়ান ট্যাব' বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। ১৮০ দিনের মধ্যে দেশের ২ হাজার ৩৩৬টি কারিগরি ও ৮ হাজার ২৩২টি মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ফ্রি ওয়াই-ফাই’ চালু করা হবে। এছাড়া ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট ভিসায় বিদ্যমান জামানতবিহীন ঋণ সীমা ৩ লাখ থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে এবং জাপানগামীদের ভিসা প্রাপ্তি সহজ করা হয়েছে।

পেপ্যাল চালু অবকাঠামো উন্নয়ন

দেশে হাই-টেক/সফটওয়্যার পার্কগুলো কার্যকরভাবে পরিচালনা এবং পেপ্যাল (PayPal) কার্যক্রম আরম্ভের উদ্যোগ গ্রহণে একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া সারা দেশে শহর ও গ্রামে প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় যথাক্রমে ৮ বিঘা ও ১০ বিঘা করে উন্মুক্ত খেলার মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে।

পরিবেশ বিদ্যুৎ

গত ১৬ মার্চ থেকে শুরু হওয়া খাল খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় ৪টি মন্ত্রণালয়ের মাধ্যমে ৬৬৬টি খালের কাজ চলমান, যার মোট দৈর্ঘ্য ৯৬৫.০৪ কিলোমিটার। আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং আসন্ন বর্ষাতেই প্রায় ৩ কোটি ১৪ লাখ চারা রোপণ করা হবে। এছাড়া ২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ইতোমধ্যে রুফটপ সোলার ও নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়েছে।

ক্রীড়াখাতে উন্নয়ন

ক্রীড়া প্রতিভা অন্বেষণে ১২-১৪ বছরের শিশু-কিশোরদের জন্য ফুটবল, ক্রিকেটসহ ৮টি খেলা অন্তর্ভুক্ত করে গত ২ মে 'নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬' উদ্বোধন করা হয়েছে। নির্বাচনী ইশতেহারকে প্রাধান্য দিয়ে জাতীয় ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া ভাতা চালু করা হয়েছে। প্রাথমিকভাবে ৫০০ জনকে এই ভাতার আওতায় আনার পরিকল্পনার অংশ হিসেবে এ পর্যন্ত ৩০০ জনকে ভাতা এবং ৩২৫ জনকে ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে।

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম হালালা সেন্টার: যৌনতার ফাঁদ নাকি লেবাসধারীদের মুখোশ উন্মোচন শিরোনাম বিশ্বকাপের উদ্বোধন: ত্রি–আলোর ছটায় আলোকিত হবে পৃথিবী শিরোনাম ২০২৬ বিশ্বকাপ কে জিতবে—এটা কোনো প্রশ্ন হলো! শিরোনাম সংকট-অস্থিরতা কাটিয়ে স্থিতিশীলতা ও অর্থনীতিতে গতি ফেরানো টার্গেট শিরোনাম মালয়েশিয়ার পর জুনের শেষে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী: ডেপুটি স্পিকার শিরোনাম মারণাস্ত্রের যুদ্ধ স্থগিত, তামাম দুনিয়ায় উন্মাদনার বিশ্বযুদ্ধ শুরু