সংসদ সদস্যদের (এমপি) জন্য গাড়ি সুবিধাসংক্রান্ত বক্তব্য নিয়ে গণমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। আজ বুধবার জাতীয় সংসদে এ অভিযোগ করে তিনি বলেছেন, সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি ও প্লট নেবেন না—এই সিদ্ধান্তকে সমর্থন করে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তাদের যে প্রক্রিয়ায় গাড়ি দেওয়া হয়, সংসদ সদস্যদেরও একই প্রক্রিয়ায় গাড়ি দেওয়ার কথা বলেছিলেন। তিনি কোনো শুল্কমুক্ত গাড়ি চাননি।
বুধবার জাতীয় সংসদে ফ্লোর নিয়ে ‘ব্যক্তিগত কৈফিয়ত’ দেন হাসনাত আবদুল্লাহ। এ সময় তিনি বলেন, ‘এখন গাড়ি মেইনটেন্যান্সের জন্য ৭০ হাজার টাকা দেওয়া হয়, কিন্তু আমাদের গাড়ি নেই।
এর আগে গতকাল মঙ্গলবার সংসদে দেওয়া বক্তব্যে সংসদ সদস্যদের জন্য সরকারিভাবে গাড়ির ব্যবস্থা করার দাবি জানিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ। তাঁর ওই বক্তব্য নিয়ে গণমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হয়েছে, এমন অভিযোগ করে আজ সংসদে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ গঠিত হওয়ার পর সরকারি দল ও বিরোধী দল, প্রত্যেকে একটা কমিটমেন্ট দিয়েছে। বহুদিনের প্রচলিত ট্যাক্স ফ্রি (শুল্কমুক্ত) গাড়ি এবং প্লট আমরা নেব না, আমরা সিদ্ধান্ত নিয়েছি। গতকাল এ বিষয়টি সমর্থন জানানোপূর্বক সংসদে একটা বক্তব্য প্রদান করি। যেটা আজকে বিভিন্ন মিডিয়াতে বিভ্রান্তি ছড়ানো হয়েছে।’
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, ডিসি, ইউএনও, এসি ল্যান্ডসহ অন্যান্য সরকারি অফিসার, সরকারি কার্য পরিচালনা করার জন্য যেভাবে সরকারি একটি গাড়ি পেয়ে থাকে, ঠিক একই প্রক্রিয়ায় আমাদের যারা সংসদ সদস্য আছে, তাদের ঠিক একই প্রক্রিয়ায় একটি গাড়ি ব্যবহারের ব্যবস্থা নেওয়া যায় কি না, সেটি আমি এই সংসদে জানিয়েছিলাম।’
হাসনাত বলেন, ‘সরকারি মালিকানাধীন একটি গাড়ি, যত দিন এমপি থাকবেন ঠিক তত দিন ব্যবহার করবেন। সেটার জন্য এক্সট্রা (অতিরিক্ত) খরচও লাগবে না। সংসদ সদস্যের ইতিমধ্যে ৭০ হাজার টাকা গাড়ি মেইনটেন্যান্স করার জন্য দেওয়া হয়। এখন গাড়ি মেইনটেন্যান্সের জন্য ৭০ হাজার টাকা দেওয়া হয়, কিন্তু আমাদের গাড়ি নেই। আমার যে বক্তব্যটা সেটা হচ্ছে, গতকালের বক্তব্যে আমি কোনো ট্যাক্স ফ্রি গাড়ি চাইনি।’
মিডিয়াতে বিভ্রান্তি সৃষ্টি করেছে তাই আবার পুনরাবৃত্তি করছেন বলে উল্লেখ করে হাসনাত বলেন, ‘সকল এমপিদের পক্ষ থেকে আমরা ট্যাক্স ফ্রি গাড়ি বা প্লটের সুবিধা না, অন্যান্য যে সরকারি সুবিধা আছে, সেটির মতো করে যত দিন এমপি থাকবে ঠিক তত দিন, এমপি শেষ গাড়িটি আবার সরকার ফিরিয়ে নেবে।’
স্পিকার বলেন, ‘বিষয়টি এর আগে ক্লিয়ার (পরিষ্কার) করা হয়েছে। আমার মনে হয় সংসদ সদস্যগণ ট্যাক্স ফ্রি গাড়ি এবং প্লট না নেওয়ার যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, এতে দেশবাসী তাঁদের অভিনন্দন জানিয়েছে।’
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats