ইতিহাস গড়ে প্রথম সোমালি রেফারি হিসেবে বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন ওমর আরতান। কিন্তু তাকে যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হয়নি। সোমবার সোমালিয়ার ক্রীড়া মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য জানিয়েছেন। মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে আরতানকে কেন বাধা দেওয়া হলো, তা পরিষ্কারভাবে জানা যায়নি। তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে যেসব দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, সোমালিয়া তার মধ্যে একটি।
সোমালিয়ার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক ঈসে এডেন আবশির এএফপিকে বলেন, ‘ওমর আরতান আফ্রিকার অন্যতম সেরা ও সম্মানিত রেফারি। পুরো ফুটবল বিশ্বের তার পাশে দাঁড়ানো উচিত।’
আবশির জানান, আরতানের কাছে যুক্তরাষ্ট্রের বৈধ ভিসা ছিল। বাধা পাওয়ার পর তিনি ইস্তাম্বুলে ফিরে গেছেন, যেখানে তিনি আগে অবস্থান করছিলেন। তিনি আরও বলেন, ‘তাকে যুক্তরাষ্ট্রে ঢুকতে না দেওয়া এবং ম্যাচ পরিচালনা করতে বাধা দেওয়াটা শুধু তার ব্যক্তিগত ক্ষতি নয়; এটি ফুটবলের সততা, যোগ্যতা ও ফেয়ার প্লে-র ভাবমূর্তিও নষ্ট করে।’
চলতি জুন-জুলাই মাসে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। এই টুর্নামেন্টের জন্য ফিফা যে ৫২ জন রেফারির তালিকা প্রকাশ করেছিল, আরতান তাদের মধ্যে একজন। ২০১৮ সালে ফিফা রেফারি হওয়ার পর থেকে তিনি নিয়মিত সোমালিয়ার ঘরোয়া লিগে ম্যাচ পরিচালনা করছেন।
তিনি ২০২৩ সালে আলজেরিয়ায় অনুষ্ঠিত আফ্রিকা কাপ অব নেশনসেও ম্যাচ পরিচালনা করেছিলেন। এ ছাড়া ২০২৫ সালে আফ্রিকার ফুটবল সংস্থা তাকে বছরের সেরা পুরুষ রেফারি হিসেবে পুরস্কৃত করে। প্রথম সোমালি হিসেবে বিশ্বকাপে ম্যাচ পরিচালনার ইতিহাস গড়ার পর, গত এপ্রিলে সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদ আরতানের দারুণ প্রশংসা করেছিলেন।
প্রেসিডেন্ট মাহমুদ বলেছিলেন, ‘রেফারি ওমরের কঠোর পরিশ্রম, পেশাদারিত্ব ও সততা সত্যিই প্রশংসনীয়। তিনি সোমালিয়ার নতুন প্রজন্মের জন্য এক বড় অনুপ্রেরণা।’
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats